পুলিশের অভিযানে শিবিরের নেতাসহ গ্রেপ্তার ১৩৮
বগুড়ায় ১২ ঘণ্টার বিশেষ অভিযানে ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতা-কর্মীসহ ১৩৮ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার সন্ধ্যা ছয়টা থেকে গতকাল মঙ্গলবার ভোর ছয়টা পর্যন্ত এই অভিযান চালানো হয়।
সহকারী পুলিশ সুপার উজ্জ্বল কুমার রায় বলেন, ‘জামায়াতে ইসলামীর নায়েবে আমির মতিউর রহমান নিজামীর মানবতাবিরোধী অপরাধের মামলার আপিলের রায় ঘোষণাকে কেন্দ্র করে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না ঘটে, সেজন্য চিহ্নিত অপরাধী ও মামলার আসামি ধরতে এই অভিযান চালানো হয়। বগুড়া সদর থানায় সর্বোচ্চ ৪৯ জনকে গ্রেপ্তার করা হয়।’
জেলা পুলিশের ওই কর্মকর্তা জানিয়েছেন, গ্রেপ্তার করা আসামিদের মধ্যে নাশকতা ও ভাঙচুরের মামলায় অভিযুক্ত ইসলামী ছাত্র শিবিরের বগুড়া উপশহর আঞ্চলিক কমিটির ছাত্রবিষয়ক সভাপতি আতিকুর রহমান, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক ফেরদৌস আলম রয়েছেন।
গাবতলী উপজেলায় ১৬, শেরপুরে ১৩, শাজাহানপুর ও কাহালুতে নয়জন করে ১৮, দুপচাঁচিয়া ও ধুনটে আটজন করে ১৬, শিবগঞ্জে সাতজন, আদমদীঘিতে ছয়জন, নন্দীগ্রামে পাঁচজন, সোনাতলা ও সারিয়াকান্দিতে তিনজন করে ছয়জন এবং গোয়েন্দা পুলিশ দুজনকে আটক করেছে।