টাকা আদায়ের জন্য বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তাকে নির্যাতনের ঘটনায় অভিযুক্ত পুলিশের উপপরিদর্শক (এসআই) মাসুদ শিকদারকে গতকাল সোমবার প্রত্যাহার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে অভিযোগের তদন্ত শুরু হয়েছে। ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) এ তথ্য জানায়।
ভুক্তভোগী বাংলাদেশ ব্যাংকের যোগাযোগ ও প্রকাশনা বিভাগের কর্মকর্তা গোলাম রাব্বীর অভিযোগ, গত শনিবার রাত ১১টার দিকে মোহাম্মদপুরের জেনেভা ক্যাম্পের কাছে তাঁকে আটক করে মাসুদ শিকদারের নেতৃত্বে পুলিশের টহল দল। মাসুদ তাঁকে তল্লাশির নামে পুলিশ ভ্যানে তুলে মারধর করেন। মোটা টাকা দাবি করেন। ‘ক্রসফায়ারে’র হুমকি দেন। গত রোববার সকালে এসআই মাসুদের বিরুদ্ধে মোহাম্মদপুর থানায় লিখিত অভিযোগ করেন তিনি।
ডিএমপির জনসংযোগ বিভাগের উপকমিশনার মারুফ হোসেন সরদার বলেন, মাসুদকে দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়েছে। মোহাম্মদপুরের সহকারী কমিশনারকে তাঁর বিরুদ্ধে ওঠা অভিযোগ তদন্ত করে প্রতিবেদন দিতে বলা হয়েছে। সেই প্রতিবেদনের ভিত্তিতে তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।