পুলিশের অস্ত্র ছিনতাই, ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ওপর হামলা ও এক উপপরিদর্শকের (এসআই) কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার অভিযোগে আজ শনিবার নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক খান মাসুদকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়িতে অভিযান চালিয়ে আটটি গুলি ও ১৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়।

বন্দর থানা-পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে বন্দর ডকইয়ার্ডের লেবার সরদার ও লেবার কন্ট্রাক্টরদের কাছ থেকে সন্ত্রাসীরা চাঁদা আদায় করছে এমন সংবাদের ভিত্তিতে বন্দর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই অখিল পোদ্দার দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে অভিযান চালান। এ সময় পুলিশ ছোট মাসুদ নামের এক আসামিকে আটক করে। তাঁর আটকের খবর পেয়ে খান মাসুদের নেতৃত্বে তাঁর বাহিনীর বেশ কয়েকজন সদস্য পুলিশের ওপর অতর্কিতভাবে হামলা চালিয়ে আসামি ছোট মাসুদকে নিয়ে যায়। সেই সঙ্গে ছিনিয়ে নেয় এসআই অখিল পোদ্দারের ব্যবহৃত পিস্তলটি। তাঁদের হামলায় এসআই অখিল পোদ্দার, কনস্টেবল মান্নান ও আমিরুল ইসলাম আহত হন।

এ ঘটনার পর নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার ( সম্প্রতি পুলিশ সুপার পদে পদোন্নতি প্রাপ্ত ) মোকলেসুর রহমানের নেতৃত্বে বেলা এগারোটা থেকে বিপুলসংখ্যক পুলিশ অস্ত্র উদ্ধারে অভিযানে নামে। মোকলেসুর রহমান টেলিফোনে প্রথম আলোকে বলেন, বন্দর আবাসিক এলাকায় অবস্থিত খান মাসুদের বাড়িতে অভিযান চালিয়ে খান মাসুদ ও তার দুই সহযোগীকে আটক করা হয়। এ সময় আটটি গুলিসহ ১৭টি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে। পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া অস্ত্র উদ্ধারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।

বন্দর এক নম্বর খেয়াঘাট মাঝি সমবায় সমিতির সাধারণ সম্পাদক রবিউল জানান, খান মাসুদকে গ্রেপ্তারের খবর পেয়ে দুপুর একটার দিকে তাঁর ক্যাডার নয়নের নেতৃত্বে সন্ত্রাসীরা সিএনজিচালিত অটোরিকশা, বেবি টেম্পো ও শীতলক্ষ্যা নদীতে যাত্রী পারাপারের নৌকা চলাচল বন্ধ করে দেয়। পুলিশের হস্তক্ষেপে প্রায় এক ঘণ্টা পর দুপুর দুইটায় যানবাহন ও নৌকা চলাচল শুরু করে।