পুলিশের অস্ত্র ছিনতাই মামলার আসামি গ্রেপ্তার
মৌলভীবাজারের কমলগঞ্জে পুলিশের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার ঘটনায় করা মামলার এক আসামি গ্রেপ্তার হয়েছেন। উপজেলার আলীনগর ইউনিয়নের কালিছলি গ্রামে গতকাল বুধবার গভীর রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে পুলিশ।
ওই আসামির নাম ওসমান আলী (৩০)। তিনি ২০১১ সালে কালিছলি গ্রামে পুলিশের অভিযানকালে এক পুলিশ সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে পালিয়েছিলেন।
কমলগঞ্জ থানা-পুলিশ সূত্রে জানা যায়, ওসমান আলী ও তাঁর সহযোগীরা পাহাড়ঘেঁষা কালিছলি গ্রাম এলাকায় জমি দখল ও দস্যুতাসহ ত্রাসের রাজত্ব কায়েম করেছিলেন। একটি সুনির্দিষ্ট অভিযোগের পরিপ্রেক্ষিতে ওই গ্রামে ২০১১ সালে অভিযান চালায় পুলিশ। এ সময় ওসমান আলী অতর্কিত হামলা চালিয়ে এক পুলিশ সদস্যের কাছ থেকে একটি বন্দুক ছিনিয়ে নিয়ে পালিয়ে যান। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে অস্ত্র ছিনতাইয়ের মামলা হয়। পরে পুলিশ বন্দুকটি উদ্ধার করে। কিন্তু ওসমান এই পাঁচ বছর পলাতক ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে বুধবার গভীর রাতে কমলগঞ্জ থানার পুলিশের একটি দল কালিছলি গ্রামে অভিযান চালিয়ে ওসমানকে গ্রেপ্তার করে।