
বাংলা বর্ষবরণের দিন ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় নারী লাঞ্ছনায় জড়িতদের গ্রেপ্তারের দাবি জানাতে গিয়ে পুলিশের হাতে উল্টো ছাত্রী লাঞ্ছিত হওয়া ও আন্দোলনকারীদের ওপর হামলার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে ১১টি দল, সংগঠন ও সংস্থা। গতকাল সোমবার পৃথক বিবৃতিতে তারা ঘটনা তদন্ত করে দায়ী পুলিশ সদস্যদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে। তারা বলেছে, পুলিশের এমন আচরণের দায় সরকার এড়াতে পারে না।
এ ছাড়া ৬৮টি নারী ও মানবাধিকার সংগঠনের মোর্চা সামাজিক প্রতিরোধ কমিটিও নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। তারা আজ মঙ্গলবার বেলা তিনটায় জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করবে।
সামাজিক প্রতিরোধ কমিটিভুক্ত সংগঠনগুলোর শীর্ষ ব্যক্তিরা গতকাল যৌথ বিবৃতিতে বলেছেন, এ ধরনের ঘটনা নারীর গতিশীলতাকে থামিয়ে দেওয়া ও দেশের উন্নয়নের গতিকে ব্যাহত করার অপপ্রয়াস।
কমিটির পক্ষে বিবৃতিতে সই করেছেন বাংলাদেশ মহিলা পরিষদের সহসভাপতি ফওজিয়া মোসলেম। মহিলা পরিষদ ছাড়াও কমিটিভুক্ত সংগঠনগুলোর মধ্যে রয়েছে ব্র্যাক, আইন ও সালিশ কেন্দ্র (আসক), কেয়ার বাংলাদেশ, কর্মজীবী, নারী প্রগতি সংঘ, মানুষের জন্য ফাউন্ডেশন, অক্সফাম জিবি, অ্যাকশনএইড, মহিলা মুক্তিযোদ্ধা সংসদ, গণসাক্ষরতা অভিযান, ওয়ার্ল্ড ভিশন, উদীচী শিল্পীগোষ্ঠী, প্রশিকা, বাংলাদেশ আদিবাসী ফোরাম, বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতি, নিজেরা করি।
টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান পৃথক বিবৃতিতে বলেন, পুলিশের একাংশের পৈশাচিক তাণ্ডব ও জেন্ডার অসংবেদনশীল আচরণ থেকে এটি স্পষ্ট যে রাজনৈতিক শিখণ্ডি হিসেবে ধারাবাহিকভাবে ব্যবহৃত হওয়ার ফলে বাংলাদেশের পুলিশ এখন নিজেদের সব আইনের ঊর্ধ্বে হিসেবে ভাবতে শুরু করেছে। এটি আইনের শাসন ও গণতান্ত্রিক অধিকার প্রতিষ্ঠার জন্য অশনিসংকেত। তিনি ঘটনার বিচার বিভাগীয় তদন্তের দাবি জানান।
ইফতেখারুজ্জামান বলেন, সনাতন পদ্ধতিতে তথাকথিত ‘ক্লোজড বা সাময়িক বরখাস্তের মতো লোক দেখানো পদক্ষেপ যথেষ্ট নয়। দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে পুলিশ বাহিনীতে শৃঙ্খলা, পেশাদারত্ব, আইনের প্রতি শ্রদ্ধাশীলতা ও জেন্ডার সংবেদনশীলতা প্রতিষ্ঠা ছাড়া গণতান্ত্রিক সুশাসন প্রতিষ্ঠা অসম্ভব।
আসকের নির্বাহী পরিচালক সুলতানা কামালের সই করা আরেক বিবৃতিতে বলা হয়, আন্দোলনকারীদের ওপর পুলিশের হামলা ও এ ধরনের আচরণ সাংবিধানিক সুরক্ষাগুলোর সরাসরি লঙ্ঘন ও সভ্য সমাজে অনভিপ্রেত। আসক মনে করে, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কার্যক্রম সুষ্ঠু ও নিয়মতান্ত্রিকভাবে পরিচালিত হলে এবং দেশে আইনের শাসনব্যবস্থার ওপর শ্রদ্ধাবোধ থাকলে পুলিশের পক্ষে এমন উন্মুক্তভাবে সহিংস আচরণ করা সম্ভব হতো না। রাষ্ট্রীয় বাহিনীর এমন অধিকার লঙ্ঘনকারী আচরণের দায় সরকার কোনোভাবেই এড়াতে পারে না।
ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের ‘বদ’ অভিহিত করে তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানান গণফোরামের সভাপতি ড. কামাল হোসেন ও সাধারণ সম্পাদক মোস্তফা মোহসীন।
জাসদের সভাপতি তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু ও সাধারণ সম্পাদক শরীফ নুরুল আম্বিয়া বলেন, রাস্তা পরিষ্কার করার নামে পুলিশের ভূমিকা ছিল অবাঞ্ছিত।
এ ছাড়া এ ঘটনার নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে সম্মিলিত সাংস্কৃতিক জোট, গার্মেন্ট শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র, পেশাজীবী নারী সমাজ, জাতীয় নারী জোট, নারী সংহতি ও নারী নিরাপত্তা জোট।