পুলিশের আট কর্মকর্তাসহ ১৩ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
শাহজালাল
শাহজালাল

খুলনায় নির্যাতন চালিয়ে শাহজালাল (৩১) নামের এক ব্যবসায়ীর দুই চোখ নষ্ট করে দেওয়ার অভিযোগে তাঁর মা খালিশপুর থানার ওসিসহ পুলিশের ৮ কর্মকর্তা, ৩ আনসার সদস্যসহ ১৩ জনের বিরুদ্ধে আদালতে মামলা করেছেন।

গতকাল বৃহস্পতিবার শাহজালালের মা মোসাম্মাত রেনু বেগম খুলনা মুখ্য মহানগর হাকিম আদালতে এই মামলা করেন। এতে পুলিশ ও আনসার সদস্যরা ছাড়াও আসামি করা হয় আরও দুজনকে। শুনানি শেষে বিচারক শহিদুল ইসলাম মামলাটি আমলে নিয়ে বাদীর জবানবন্দি রেকর্ড এবং ১৭ সেপ্টেম্বর মামলার আদেশের দিন ধার্য করেন।

প্রধান আসামি খালিশপুর থানার ওসি নাসিম খান ছাড়াও মামলার অন্য আসামিরা হলেন এই থানার উপপরিদর্শক (এসআই) রাসেল, তাপস রায়, সেলিম মোল্লা, মিজান, মামুন ও নুর ইসলাম এবং সহকারী উপপরিদর্শক (এএসআই) সৈয়দ সাহেব আলী। আসামিআনসার সদস্যরা হলেন আফসার আলী, আবুল হোসেন ও রেজাউল। এ ছাড়া শাহজালালের বিরুদ্ধে এর আগে ছিনতাইয়ের অভিযোগে করা মামলার বাদী সুমা আক্তার ও পুলিশের সোর্স রাসেলকে মামলায় আসামি করা হয়েছে।

বাদীপক্ষের আইনজীবী মমিনুল ইসলাম বলেন, ‘আসামিরা পরিকল্পিতভাবে নির্যাতন করে শাহজালালের চোখ নষ্ট করে দিয়েছেন। আর সুমাকে দিয়ে মামলা করানো হয়েছে। এ কারণে সুমাকেও মামলায় আসামি করা হয়েছে। আদালত বাদীর জবানবন্দি লিপিবদ্ধ (রেকর্ড) করেছেন। মামলার বিষয়ে আদেশের জন্য ১৭ সেপ্টেম্বর দিন ধার্য করেছেন।’

মামলাটি তদন্তের ভার পুলিশকে দিলে প্রতিবেদন একপেশে হওয়ার আশঙ্কা থাকায় আদালতের কাছে বিচার বিভাগীয় তদন্ত দাবি করা হয়েছে বলে জানান এই আইনজীবী।

গত ৩১ জুলাই প্রথম আলোতে ‘মেয়ের হাঁটা দেখা হলো না শাহজালালের’ শিরোনামে একটি খবর প্রকাশিত হয়। মামলার এজাহারের সঙ্গে সংযুক্তি আকারে ওই সংবাদটি দাখিল করা হয়েছে।

সবজি ব্যবসায়ী শাহজালালের বাড়ি পিরোজপুরের কাউখালীতে। গত ১৭ জুলাই খুলনার খালিশপুরের নয়াবাটি এলাকায় শ্বশুরবাড়ি এসেছিলেন তিনি। ১৮ জুলাই রাতে খালিশপুরের গোয়ালখালী বাসস্ট্যান্ড এলাকা থেকে ছিনতাইয়ের অভিযোগে তাঁকে আটক করে থানায় নিয়ে যায় পুলিশ। সেই রাতেই স্ত্রী ও শাশুড়ির সঙ্গে থানায় তাঁর দেখা হয়। তখনো তাঁর চোখ ভালো ছিল। কিন্তু পরদিন খবর পেয়ে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে তাঁরা চিকিৎসাধীন শাহজালালের চোখ নষ্ট দেখতে পান। ওই দিন সকালে ছিনতাইয়ের অভিযোগে সুমি আক্তার নামের একজন কলেজছাত্রী শাহজালালসহ দুজনের বিরুদ্ধে খালিশপুর থানায় মামলা করেন।

এদিকে মামলা করে আতঙ্কে আছেন বলে জানান শাহজালালের বাবা জাকির হোসেন। তিনি বলেন, ‘যেহেতু পুলিশের বিরুদ্ধে মামলা করা হয়েছে তাই যেকোনো সময় আমাদের মাদক দিয়ে বা অন্য কোনো মামলায় আটক করে নির্যাতন করা হতে পারে। বিভিন্নভাবে এমনই হুমকি দেওয়া হচ্ছে।’