পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের দায়ী করছেন ইমরান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে গুলশানে গণজাগরণ মঞ্চের কর্মীদের ওপর হামলা চালানো হয়েছে বলে অভিযোগ করেছেন মঞ্চের মুখপাত্র ইমরান এইচ সরকার। পাকিস্তান দূতাবাস ঘেরাও কর্মসূচিতে পুলিশের হামলার প্রতিবাদে এক গণসমাবেশ তিনি বক্তব্য দেন।

আজ শুক্রবার বিকেলে রাজধানীর শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে এ গণসমাবেশ হয়।

ইমরান এইচ সরকার বলেন, ‘পাকিস্তান দূতাবাসে শান্তিপূর্ণ ঘেরাও কর্মসূচিতে কোনোরকম উসকানি ছাড়াই পুলিশ হামলা চালিয়েছে। এ হামলার সঙ্গে জড়িতদের সুষ্ঠু বিচার দাবি করছি। পাকিস্তান হাইকমিশন থেকে প্রতিনিয়ত বাংলাদেশকে অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে। সেখান থেকে জাল নোট ছাপানো হচ্ছে। জঙ্গিবাদীদের অর্থায়ন করা হচ্ছে।’

তিনি আরও বলেন, পাকিস্তান এখন পর্যন্ত বাংলাদেশের স্বাধীনতাকে স্বীকার করে না। এ দেশে চালিয়ে যাওয়া তাদের গণহত্যার দায় স্বীকার করছে না। তাই তাদের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক বাংলাদেশের জন্য কোনো সুবিধাজনক বিষয় নয়।

ইমরান বলেন, ‘আমরা বহুবার টানা কর্মসূচি পালন করার পরও সরকার পাকিস্তানের বিরুদ্ধে কোনো ব্যবস্থা না নেওয়ায় সে দেশের দূতাবাস ঘেরাও করতে গিয়েছিলাম। কিন্তু পুলিশ আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে আক্রমণ করেছে। যখন কোনো শান্তিপূর্ণ কর্মসূচিতে এভাবে আক্রমণ করা হয়, তখন বুঝতে হবে এখানে অন্য কোনো উদ্দেশ্য আছে।’

গণজাগরণ মঞ্চের মুখপাত্র বলেন, যুদ্ধাপরাধীদের রায় কার্যকরের পরপরই গণহত্যার দায় অস্বীকার করে পাকিস্তান বিবৃতি দিচ্ছে। সরকারের উচিত, পাকিস্তানের এসব অপচেষ্টাকে প্রতিহত করার ব্যবস্থা নেওয়া। পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করাই এর একমাত্র সমাধান।