পুলিশের এসির বিরুদ্ধে হয়রানির অভিযোগ
ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (এসি-প্রশাসন) আলমগীর হোসেনের বিরুদ্ধে হয়রানি ও হুমকি দেওয়ার অভিযোগ এনে তাঁর কবল থেকে নিজেকে ও তাঁর পরিবারকে রক্ষার দাবি জানিয়েছেন মৌলভীবাজারের আসবাবের ব্যবসায়ী সাইফুল ইসলাম। গতকাল মঙ্গলবার দুপুরে সেগুনবাগিচায় ক্রাইম রিপোর্টার্স অ্যাসোসিয়েশন (ক্র্যাব) কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ দাবি জানান।
সংবাদ সম্মেলনে সাইফুল ইসলাম বলেন, তিনি এসি আলমগীরসহ পাঁচ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে ৫ জুলাই মৌলভীবাজারের আদালতে নালিশি মামলা করেন। আদালত মৌলভীবাজারের পুলিশ সুপারকে মামলা গ্রহণের নির্দেশ দেন। পরে গত রোববার নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলা নেয় মৌলভীবাজার মডেল থানা। অপর চারজন হলেন ওই থানার সাবেক ওসি আবদুস ছালেক এবং তিন উপপরিদর্শক নাজিমউদ্দিন, আবদুল হাশিম ও মঞ্জুরুল হাসান। সাইফুল ইসলাম ওই মামলার সুষ্ঠু তদন্তের দাবি জানান।
পরে যোগাযোগ করে অভিযোগের বিষয়ে জানতে চাইলে এসি আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে। আইনি পন্থায় তিনি তাঁর বিরুদ্ধে হওয়া মামলা মোকাবিলা করবেন।
ব্যবসায়ী সাইফুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, ২০১২ সালে মৌলভীবাজারের কুলাউড়া সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) থাকাকালে আলমগীর ও এক নারীর সঙ্গে তাঁর পরিচয় এবং ঘনিষ্ঠতা হয়। পরে ওই দুজন তাঁর কাছ থেকে ২০ লাখ টাকা ঋণ নেন এবং বাকিতে ৮ লাখ টাকার আসবাব কেনেন। ওই টাকা চাইতে গেলে আলমগীরের সঙ্গে তাঁর বিরোধ শুরু হয়। ২০১২ সালের ৭ আগস্ট এএসপি আলমগীর ঢাকায় এসে রামপুরার বনশ্রীর বাসা থেকে তাঁকে ধরে মৌলভীবাজার মডেল থানায় নিয়ে যান। আলমগীর সেখানে ওসি আবদুস ছালেকের চেয়ারে বসে তাঁকে মারধর করেন এবং প্রভাব খাটিয়ে ঘনিষ্ঠদের দিয়ে ৪৫ মিনিটের ব্যবধানে মৌলভীবাজার থানায় ছিনতাই, চাঁদাবাজি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে তিনটি মামলা করান। পরে একই থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি আইনে শাহবাগ থানায় আরেকটি মামলা করেন এএসপির লোকজন। মৌলভীবাজারের চার মামলায় ২ মাস ২০ দিন কারাগারে থেকে তিনি জামিনে মুক্ত হন।
সাইফুল ইসলাম বলেন, মৌলভীবাজারের চার মামলা থেকে সম্প্রতি আদালত তাঁকে খালাস দিয়েছেন। শাহবাগ থানার মামলাটির তদন্ত চলছে। জামিনে মুক্ত হয়ে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রসচিব ও পুলিশের মহাপরিদর্শকের (আইজিপি) কাছে আলমগীরের বিরুদ্ধে আবেদন করেন। ২০১৩ সালের ১৯ সেপ্টেম্বর আলমগীরের বিরুদ্ধে বিভাগীয় মামলা রুজু হয়। সেই মামলায় তিনি সিলেটে সাক্ষ্য দিতে গেলে আলমগীর তদন্ত কর্মকর্তার সামনে তাঁকে ও অন্য সাক্ষীদের গালাগাল এবং মিথ্যা মামলায় ফাঁসানোর হুমকি দেন। পরে মৌলভীবাজার থানায় তাঁকে নিয়ে মারধর ও অপদস্ত করেন। তিনি অভিযোগ করেন, আলমগীর বিভিন্ন নম্বর থেকে ফোন করে তাঁকে ‘ক্রসফায়ারে’ হত্যার হুমকি দিচ্ছেন। এই অবস্থায় তিনি ও তাঁর পরিবার শঙ্কিত। এ ব্যাপারে রামপুরা থানায় দুটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে।
এসি আলমগীরসহ পুলিশের পাঁচ কর্মকর্তার বিরুদ্ধে মামলা নেওয়ার বিষয়টি প্রথম আলোকে নিশ্চিত করেন মৌলভীবাজার মডেল থানার ওসি সোহেল আহমদ।
অভিযোগের বিষয়ে আলমগীর হোসেন বলেন, সাইফুলের বিরুদ্ধে হওয়া কোনো মামলার সঙ্গে তাঁর সম্পর্ক নেই। তিনি তাঁর কাছ থেকে কোনো টাকা নেননি। তাঁর বিরুদ্ধে মিথ্যা অভিযোগ করা হচ্ছে।
জানতে চাইলে পুলিশ সদর দপ্তরের সংস্থাপন বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক হাবিবুর রহমান গতকাল প্রথম আলোকে বলেন, বিভাগীয় মামলায় পুলিশ কর্মকর্তা আলমগীরকে বরখাস্তের সিদ্ধান্ত হয়েছিল। এ বিষয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে গঠিত তদন্ত কমিটির কাছে প্রমাণিত হয়, যেসব কাগজপত্রের ভিত্তিতে আলমগীরকে দোষী সাব্যস্ত করা হয়, তা জাল ছিল।