পুলিশের ওপর ছাত্রলীগ নেতার হামলা, পিস্তল ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নারায়ণগঞ্জের বন্দর উপজেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী খান মাসুদের নেতৃত্বে পিটিয়ে পুলিশের তিন সদস্যকে আহত করা হয়েছে। ছিনিয়ে নেওয়া হয়েছে তাঁদের একটি পিস্তল। গতকাল শনিবার সকালে উপজেলার ময়মনসিংহপট্টির শীতলক্ষ্যা নদীর তীরবর্তী বন্দর ডকইয়ার্ডে এ ঘটনা ঘটে।
পিস্তলটি উদ্ধারে গতকাল খান মাসুদের বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় সেখান থেকে ৮টি গুলি ও ১৭টি ধারালো অস্ত্র জব্দ করা হয়। গ্রেপ্তার হন খান মাসুদ ও তাঁর দুই সহযোগী। রাত আটটায় পর্যন্ত লুণ্ঠিত পিস্তলটি উদ্ধার হয়নি।
মাসুদকে গ্রেপ্তারের খবর পেয়ে তাঁর সহযোগীরা এলাকায় সিএনজিচালিত অটোরিকশা ও টেম্পো চলাচল এবং শীতলক্ষ্যা নদীতে যাত্রী পারাপারের নৌকা চলাচল বন্ধ করে দেন। পরে পুলিশের হস্তক্ষেপে যান ও নৌকা চলাচল স্বাভাবিক হয়।
ছাত্রলীগ নেতা খান মাসুদ এলাকায় নারায়ণগঞ্জের প্রভাবশালী দুই সাংসদের লোক হিসেবে পরিচিত। তাঁর বিরুদ্ধে সন্ত্রাস, চাঁদাবাজি, মাদক ব্যবসা ও ভূমিদস্যুতার অভিযোগ রয়েছে।
শীতলক্ষ্যা নদীর পূর্বপাড়ে ময়মনসিংহপট্টির পাশে অবস্থিত বন্দর ডকইয়ার্ড। এই ডকইয়ার্ডের মালিক কেন্দ্রীয় হকার্স লীগের সহসভাপতি আবুল কালাম বাসুর ছোট ভাই। অভিযোগ উঠেছে, সম্প্রতি আবুল কালাম বাসুর কাছে ৩০ লাখ টাকা চাঁদা এবং ডকইয়ার্ডের মালিকানা দাবি করেন খান মাসুদ। এর জেরে বন্দর ইস্পাহানি বাজারে আবুল কালাম বাসু ও যুবলীগের নেতা কাজী জহির বাহিনীর সঙ্গে গত বৃহস্পতিবার বিকেলে খান মাসুদ বাহিনীর সংঘর্ষ হয়। এ সময় মাসুম নামে ৯ বছরের একটি শিশু গুলিবিদ্ধসহ বেশ কয়েকজন আহত হন। ওই ঘটনায় আবুল কালাম বাসু বন্দর থানায় খান মাসুদকে প্রধান আসামি করে একটি মামলা করেন।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, গতকাল সকালে ওই মামলার আসামিরা বন্দর ডকইয়ার্ডের লেবার সরদার ও লেবার কন্ট্রাক্টরদের কাছ থেকে চাঁদা আদায় করছেন—এমন তথ্যের ভিত্তিতে বন্দর পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত এসআই অখিল পোদ্দার দুজন কনস্টেবলকে সঙ্গে নিয়ে সেখানে অভিযান চালান। পুলিশ ঘটনাস্থল থেকে ছোট মাসুদ নামে এক আসামিকে গ্রেপ্তার করে।
পরে খান মাসুদের নেতৃত্বে তাঁর বাহিনী অতর্কিতভাবে পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছোট মাসুদ ও এসআই অখিল পোদ্দারের ব্যবহৃত পিস্তলটি ছিনিয়ে নিয়ে যায়। হামলায় এসআই অখিল পোদ্দার, কনস্টেবল মান্নান ও আমিরুল ইসলাম আহত হন।