পুলিশের ওপর মাদক ব্যবসায়ীদের হামলা
গাজীপুর সদর উপজেলার বনগাঁও গ্রামে একটি মাদক মামলার পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালায়
মাদক ব্যবসায়ীরা। হামলায় পুলিশের এক কনস্টেবল আহত হয়েছেন। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে গতকাল বৃহস্পতিবার দেড় শতাধিক ব্যক্তিকে আসামি করে মামলা করেছে।
পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার বনগাঁও গ্রামের কোচপাড়া এলাকায় মাদক মামলার আসামি আমজাদ হোসেন দীর্ঘদিন ধরে পলাতক রয়েছেন। গোপন সংবাদে খবর পেয়ে জয়দেবপুর থানার উপপরিদর্শক ওমর ফারুকের নেতৃত্বে পুলিশের একটি দল গত বুধবার দিবাগত রাতে আমজাদ হোসেনকে গ্রেপ্তার করতে যায়। পুলিশ আসামির বাড়ির সামনে পৌঁছালে আসামিপক্ষের লোকজন টের পেয়ে দা ও লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা চালায়। এ সময় তারা পুলিশের দলকে ঘেরাও করে রাখে। হামলায় কনস্টেবল এনামুল হক আহত হন। অতিরিক্ত পুলিশ অবরুদ্ধ পুলিশ সদস্যদের উদ্ধার করে।
জয়দেবপুর থানার এসআই ওমর ফারুক বলেন, আসামি গ্রেপ্তার করতে গেলে মাদক ব্যবসায়ীরা পুলিশের ওপর হামলা চালায়।