পুলিশের ওপর যুবলীগের হামলা
নারায়ণগঞ্জের রূপগঞ্জে পুলিশের গাড়ি রিকুইজিশনকে কেন্দ্র করে যুবলীগ নেতাকর্মীদের হামলায় পুলিশের দুই উপপরিদর্শকসহ (এসআই) চার পুলিশ আহত হয়েছেন। এ সময় এক সহকারী পুলিশ সুপারের (এএসপি) পিক আপ ভ্যান ও পুলিশ বক্সও ভাঙচুর করা হয়। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ বুধবার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার তারাব পৌরসভার বিশ্বরোড গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, বুধবার সন্ধ্যার দিকে রূপগঞ্জ উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে কর্তব্য পালনের উদ্দেশ্যে গাড়ি রিকুইজিশনের জন্য তারাব বিশ্বরোড গোলচত্বর এলাকায় পুলিশের একটি দল অবস্থান নেয়। এ সময় একটি মাইক্রোবাস নিতে চায় পুলিশ। মাইক্রোবাসের চালকের সঙ্গে তখন পুলিশের কথাবার্তা চলতে থাকে। তখন তারাব পৌর যুবলীগের সভাপতি আবদুল আউয়াল এগিয়ে যান এবং তিনি গাড়িটি ছেড়ে দেওয়ার জন্য পুলিশকে চাপ দেন। হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিয়াউদ্দিন জিয়া তাঁর অনুরোধ না রাখায় ক্ষিপ্ত হয়ে উঠেন আবদুল আউয়াল। তখন তিনি হাইওয়ে পুলিশের সার্জেন্ট জিয়াসহ একজন কনস্টেবলকে ধাক্কা মেরে মাটিতে ফেলে দেন। পরে অন্য পুলিশেরা আবদুল আউয়ালকে জেলা পুলিশের ট্রাফিক বিভাগের এএসপি বদরুল আলমের সামনে নিয়ে যান। খবর পেয়ে যুবলীগের আরও কয়েক নেতাকর্মী সেখানে যান। একপর্যায়ে তাঁরা পুলিশের ওপর ইটপাটকেল ছুঁড়ে হামলা ও ভাঙচুর চালায়। তাঁরা এএসপি বদরুল আলম মোল্লার পিক আপভ্যানের গ্লাসও ভাঙচুর করেন। হামলায় রূপগঞ্জ থানার এসআই ফরিদ হোসেন, শাজাহান মিয়া, পুলিশ কনস্টেবল খোরশেদ আলম ও কেবল চন্দ্র সরকার গুরুতর আহত হন।
অভিযোগের বিষয়ে তারাব পৌর যুবলীগের সভাপতি আবদুল আউয়াল বলেন, ‘কেন গাড়ি রিকুইজিশন করা হচ্ছে জিজ্ঞেস করলে পুলিশ এসে আমাকে পুলিশ বক্সের সামনে নিয়ে বসিয়ে রাখে। এই খবর পেয়ে আমার দলের কয়েকশ’ কর্মী সমর্থক ছুটে এসে সেখানে বিক্ষোভ করেন।’
পুলিশের হামলা ও গাড়ির ভাঙচুরের বিষয়ে আবদুল আউয়াল বলেন, ‘যেহেতু আমার কয়েকশ লোক ছুটে এসেছে তাই তাদের ইটপাটকেলে গাড়ি ভাঙচুর ও হামলায় কেউ আহত হয়ে থাকতে পারে।’
রূপগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) এবিএম মেহেদী মাসুদ বলেন, পুলিশের ওপর হামলা ও সরকারি কাজে বাধা দেওয়ার ঘটনা উর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। এ ব্যাপারে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।