পুলিশের ওপর শিবিরের হামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিরাজগঞ্জ সদর উপজেলায় গত সোমবার কয়েকটি মামলার আসামি শিবিরের এক কর্মীকে গ্রেপ্তার করতে গেলে পুলিশের ওপর হামলা চালান জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা। পরে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ওই আসামিসহ দুজনকে গ্রেপ্তার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ১১-১২টি মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত আসামি আবদুল আলিমকে (২৮) সোমবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে তাঁর বাড়ি সদর উপজেলার বহুলী গ্রাম থেকে গ্রেপ্তার করে পুলিশ। বিষয়টি জানার পর ওই এলাকার জামায়াত-শিবিরের নেতা-কর্মী ও সমর্থকেরা পুলিশ সদস্যদের ঘেরাও করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ১০টি কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। পরে ঘটনাস্থল থেকে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে মোতালেব হোসেনকে (৩২) আটক করে পুলিশ।
সিরাজগঞ্জ সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা হাবিবুল ইসলাম জানান, ফুটবল খেলার সময় কিছু পুলিশ সাদাপোশাকে অভিযান চালায়। আসামি গ্রেপ্তারের পর তাঁরা বুঝতে না পেরে পুলিশের ওপর চড়াও হয়েছিলেন। ওই দুজনকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।