পুলিশের ওপর হামলা আ.লীগ নেতা গ্রেপ্তার
পাবনার ঈশ্বরদীতে ওয়ার্ড আওয়ামী লীগ নেতা ছইমুদ্দিন শেখকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশের ওপর হামলা, গাড়িতে ইটপাটকেল নিক্ষেপ, সরকারি কাজে বাধাদানের মামলায় আসামি হওয়ায় গত বুধবার তাঁকে শহরের আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়।
ছইমুদ্দিন ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি।
ঈশ্বরদী থানা-পুলিশ সূত্র জানায়, ছইমুদ্দিনের ছেলে শফিকুল ইসলাম ঈশ্বরদীর একটি হত্যা মামলার মূল আসামি হওয়ায় গত রোববার তাকে আমবাগান এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। এ সময় ছইমুদ্দিন ছেলেকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার জন্য তাঁর সমর্থকদের নিয়ে হামলা চালিয়ে পুলিশ লাঞ্ছিত, তাদের ওপর ইটপাটকেল নিক্ষেপ ও গাড়ি চলাচলে বাধার সৃষ্টি করেন। এ ঘটনায় ঈশ্বরদী থানার উপপরিদর্শক (এসআই) রফিকুল ইসলাম বাদী হয়ে ওই রাতে ছইমুদ্দিনসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা করেন। ওই মামলায় গত বুধবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ছইমুদ্দিনকে গ্রেপ্তার করে পাবনা পাঠানো হয়।
মামলার তদন্তকারী কর্মকর্তা পরিদর্শক (তদন্ত) আবু ওবায়েদ বলেন, ছইমুদ্দিনের বিরুদ্ধে কয়েক বছর আগে রেলের লোহা চুরি, বাস ডাকাতিসহ একাধিক মামলা হয়।
এ ব্যাপারে ঈশ্বরদী পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আবুল কাশেম কোনো মন্তব্য করতে রাজি হননি। তবে তিনি বলেন, ছইমুদ্দিন বর্তমানে ৭ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি পদে রয়েছেন। মামলার আসামি হওয়ায় পুলিশ তাঁকে গ্রেপ্তার করেছে।