চট্টগ্রামের সীতাকুণ্ডে হত্যা মামলার আসামি গ্রেপ্তারে অভিযান চালানোর সময় পুলিশের ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। এ সময় দুর্বৃত্তদের কিরিচের আঘাতে পুলিশের এক উপপরিদর্শক (এসআই) ও তিন কনস্টেবল আহত হয়েছেন। গতকাল শুক্রবার দুপুরে উপজেলার বারৈয়ারঢালা ইউনিয়নের মহালঙ্গা গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ এ কথা জানিয়েছে।
সীতাকুণ্ড থানার এসআই সুজয় কুমার মজুমদার মুঠোফোনে প্রথম আলোকে বলেন, গতকাল দুপুরে বারৈয়ারঢালা ইউনিয়ন যুবলীগের কর্মী রিয়াজ উদ্দিন হত্যা মামলার আসামি রমজান আলীকে গ্রেপ্তার করতে যান তিনি। এ সময় পুলিশ দেখে রমজান বাহিনীর সন্ত্রাসীরা আগ্নেয়াস্ত্র, কিরিচ ও ককটেল নিয়ে তাঁদের ঘিরে ফেলে। পরিস্থিতি খারাপ দেখে তাঁরা সেখান থেকে ফিরে আসছিলেন। এ সময় দুর্বৃত্তরা তাঁদের ওপর হামলা চালায়। ওই সময় এক সন্ত্রাসী কিরিচ দিয়ে তাঁর পিঠে আঘাত করে। এ ছাড়া তিন কনস্টেবলকে বেধড়ক পেটায় দুর্বৃত্তরা। তিনি আরও বলেন, সন্ত্রাসীরা মসজিদের মাইকে ডাকাতের আক্রমণ হয়েছে বলে ঘোষণা দিলে স্থানীয় বাসিন্দারাও হামলায় অংশ নেয়।
পুলিশ জানায়, এ সময় আত্মরক্ষার্থে পুলিশ অন্তত ১৫টি গুলি ছোড়ে। খবর পেয়ে পুলিশের অন্য একটি দল তাঁদের উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়।
সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইফতেখার হাসান বলেন, ওই ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান রায়হান উদ্দিনের নির্দেশে পুলিশের ওপর হামলা চালানো হয়। চেয়ারম্যান নিজেও একটি হত্যাচেষ্টা মামলার আসামি। তিনি (রায়হান) স্থানীয় বাসিন্দাসহ তাঁর বাহিনীর লোকজনকে নির্দেশ দিয়েছেন—কোনো আসামি গ্রেপ্তার করতে গেলে যেন পুলিশের ওপর হামলা চালানো হয়।
পুলিশ জানায়, গতকালের হামলার ঘটনায় নারীসহ ১০ জনকে আটক করা হয়েছে। এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।
অভিযোগ অস্বীকার করে রায়হান উদ্দিন বলেন, তাঁর কোনো বাহিনী নেই। পুলিশের ওপর হামলা করতে তিনি কাউকে নির্দেশ দেননি। তিনি শুনেছেন পুলিশের গুলিতে তিন গ্রামবাসী আহত হয়েছে।
পুলিশ জানায়, হামলার ঘটনার পর পুলিশের কয়েকটি দল ওই এলাকায় অভিযান চালায়। এ সময় গ্রামের সড়কগুলোতে তাদের বাধা দেওয়া হয়। সীতাকুণ্ড থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাহফুজুর রহমান বলেন, সন্ত্রাসীরা গাছ কেটে, ড্রামে পাথর ভর্তি করে সড়ক অবরোধ করে। এতে অভিযানে বেগ পেতে হয় তাঁদের।