পুলিশের ওপর হামলা, এসআইসহ চারজন আহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বরিশালের আগৈলঝাড়ায় উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের নেতা গোলাম মুর্তজার শ্যালকের নেতৃত্বে এক দল দুর্বৃত্ত হামলা চালিয়ে পুলিশের এক কর্মকর্তাসহ চার পুলিশকে আহত করেছেন। মঙ্গলবার সকালে এই ঘটনা ঘটে।

আহত চার পুলিশ সদস্যকে আগৈলঝাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
স্থানীয় লোকজন, প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, স্থানীয় একটি বিয়ের ঘটনায় চাঁদা দাবি করাকে কেন্দ্র করে আমিন আহম্মেদ নামে একজনকে আটক করার ঘটনার জেরে এই হামলার ঘটনা ঘটে।
আগৈলঝাড়া থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুল ইসলাম বলেন, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম মোতুর্জা খানের ছেলে শাহবাজ খান ও শ্যালক নুরুল হোসেন (৩০), কাওছার হোসেনসহ (৩২) কয়েকজ পুলিশের ওপর অতর্কিতে লাঠিসোঁটা নিয়ে হামলা করে। এ সময় চার পুলিশ গুরুতরভাবে জখম হয়। খবর পেয়ে দুপুর ১২টায় আগৈলঝাড়া থানার একদল পুলিশ ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং ঘটনাস্থল থেকে নুরুল হোসেন ও কাওছারকে আটক করে থানায় নেওয়া হয়।
চাঁদাবাজি ও পুলিশের ওপর হামলার অভিযোগ অস্বীকার করে গ্রেপ্তার নুরুল হোসেন ও কাওছার বলেন, আমাদের নামে পুলিশ মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে।
এই প্রসঙ্গে উপজেলা চেয়ারম্যান গোলাম মুর্তজা খানের সঙ্গে কথা বলার জন্য মোবাইলে অসংখ্যবার ফোন করা হলেও তিনি তা রিসিভ করেননি।