পুলিশের ওপর হামলা করে আটক ব্যক্তিকে ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামালপুর সদর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) ওপর হামলা করে মাদক ব্যবসার অভিযোগে আটক করা ব্যক্তিকে ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

গত শুক্রবার সন্ধ্যা সাতটার দিকে রশিদপুর ইউনিয়নের তুলসিপুর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

ছিনতাই হওয়া আসামির নাম রিপন তালুকদার। তাঁর বাড়ি দিগপাইত ইউনিয়নের মহনপুর গ্রামে। বাবার নাম বাবুল তালুকদার। তিনি দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা জানিয়েছেন।

জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিমুল হক বলেন, আসামি ছিনতাই হওয়ার ঘটনায় এ পর্যন্ত তিনজনকে আটক করা হয়েছে। তবে ছিনতাই হওয়া ব্যক্তিকে এখনো গ্রেপ্তার করা যায়নি।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শুক্রবার রিপন তালুকদার চার-পাঁচজন সহযোগীকে নিয়ে তুলসিপুর বাজার এলাকায় মাদক বিক্রি করতে যান। ডিবি পুলিশের একটি দল অভিযান চালিয়ে সন্ধ্যা সাতটার দিকে তাঁকে আটক করে। এ সময় পুলিশের ওপর রিপনের সহযোগীরা হামলা করে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে যান।

দিগপাইত ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান দিবাগত রাত দুইটার দিকে রিপনের আত্মীয়স্বজনের মাধ্যমে হাতকড়াটি উদ্ধার করেন। সেটি জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রে হস্তান্তর করা হয়েছে।

মিজানুর রহমান বলেন, ‘হাতকড়াসহ অভিযুক্ত ব্যক্তিকে ছিনতাইয়ের খবর শোনার পর ওই ব্যক্তির আত্মীয়স্বজনের মাধ্যমে হাতকড়াটি উদ্ধারে সক্ষম হই।’

ডিবি পুলিশের উপপরিদর্শক (এসআই) আবদুল লতিফ বলেন, ‘মাদক ব্যবসায়ীকে আটক করার পর সহযোগীরা হামলা করে তাঁকে ছিনিয়ে নিয়ে যায়। এরপর থেকে ওই ব্যক্তিকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

জামালপুরের নারায়ণপুর পুলিশ তদন্ত কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই জয়নাল আবেদীন বলেন, ‘দিগপাইত ইউনিয়নের চেয়ারম্যান হাতকড়াটি উদ্ধার করে আমাদের দিয়েছেন। আমি হাতকড়াটি পুলিশ সুপারে কার্যালয়ে জমা দিয়েছি।’