বাগেরহাটের চিতলমারী উপজেলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে দায়ের করা মামলার পরোয়ানাভুক্ত আসামি পান্না বিশ্বাসকে (৪৪) তাঁর স্বজনেরা পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনিয়ে নিয়েছেন। এ সময় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। গত শনিবার সন্ধ্যায় উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের পরাণপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পান্না বিশ্বাস উপজেলার বড়বাড়িয়া ইউনিয়নের চিংগুড়ি গ্রামের খোকা বিশ্বাসের ছেলে। চিতলমারী থানা সূত্রে জানা গেছে, পান্নার বিরুদ্ধে অন্তত ১০টি মাদকের মামলা রয়েছে। এর মধ্যে ৪টিতে তাঁর নামে গ্রেপ্তারি পরোয়ানা জারি রয়েছে। হামলার সঙ্গে জড়িত থাকার অভিযোগে পান্নার দুই আত্মীয়কে গ্রেপ্তার করা হয়েছে। তাঁরা হলেন, বড়বাড়িয়া ইউনিয়নের মচন্দপুর গ্রামের গাউস বিশ্বাস (৫২) ও পরাণপুর গ্রামের আসলাম মোল্লা (৪২)। তবে পান্না হাতকড়া নিয়ে পালিয়ে গেছেন।
এদিকে আহত সহকারী উপপরিদর্শক (এএসআই) হাবিবুর রহমান ও মো. নুর আলম এবং কনস্টেবল সাদমান শেখকে চিতলমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গতকাল রোববার সকালে হামলায় এএসআই হাবিবুর রহমান বাদী হয়ে ১২ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১০-১২ জনের বিরুদ্ধে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে একটি মামলা করেছেন।
চিতলমারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অনুকূল সরকার বলেন, শনিবার সন্ধ্যায় পুলিশের ওই তিন সদস্য আসামি পান্না বিশ্বাসকে গ্রেপ্তার করতে পরাণপুর গ্রামে যান। পান্নার হাতে হাতকড়া লাগিয়ে মোটরসাইকেলে করে আনার সময় তাঁর স্বজনেরা লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করেন। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গিয়ে পুলিশের আহত তিন সদস্যকে উদ্ধার করে। রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পান্নার দুজন স্বজনকে গ্রেপ্তার করা হয়েছে। ওই দুজন এজাহারভুক্ত আসামি। পান্না পুলিশের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী। তাঁকে ধরতে পুলিশের অভিযান চলছে।