পুলিশের ওপর হামলা চালিয়ে দুই আসামি ছিনতাই
সিলেটের বিয়ানীবাজারে গত রোববার পুলিশের ওপর হামলা চালিয়ে ছিনতাইয়ের অভিযোগে করা একটি মামলার দুই আসামিকে ছিনিয়ে নিয়ে গেছে একদল দুর্বৃত্ত। এতে বিয়ানীবাজার থানার পরিদর্শকসহ (তদন্ত) পাঁচ পুলিশ সদস্য আহত হয়েছেন।
ছিনিয়ে নেওয়া ওই দুই আসামি হলেন আবু বক্কর (৩০) ও মোড়ল (৩৩)। তাঁরা বিয়ানীবাজার উপজেলার লাউতা ইউনিয়নের লাউতা গ্রামের বাসিন্দা। তাঁদের গ্রেপ্তারের জন্য রোববার রাত থেকেই অভিযান চালাচ্ছে পুলিশ। তবে গতকাল সোমবার বিকেল পর্যন্ত আসামিদের গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ জানায়, ছিনতাইয়ের অভিযোগে হওয়া মামলার আসামি আবু বক্কর ও মোড়লকে ধরতে রোববার রাত দেড়টায় বিয়ানীবাজার থানার পুলিশের সহায়তায় লাউতা ইউনিয়নের লাউতা গ্রামে অভিযান চালায় মৌলভীবাজার জেলার বড়লেখা থানার পুলিশ। সেখান থেকে আবু বক্কর (৩০) ও তাঁর সঙ্গী মোড়লকে (৩৩) গ্রেপ্তার করে থানায় নিয়ে আসছিল পুলিশ। দক্ষিণ পাড়িয়াবহর এলাকায় পৌঁছানোর সঙ্গে সঙ্গে সেখানে ওত পেতে থাকা একদল দুর্বৃত্ত পুলিশের ওপর হামলা চালায়। তারা অন্ধকারে ইটপাটকেল নিক্ষেপ করে আসামিদের ছিনিয়ে নিয়ে যায়। এ সময় আসামিরা হাতকড়া পরা অবস্থায় ছিলেন।
এ সময় ইটপাটকেলের আঘাতে বড়লেখা থানার পরিদর্শক (তদন্ত) মো. আকবর হোসেন, উপপরিদর্শক (এসআই) অমিতাভ চৌধুরী, বিকাশ চন্দ্র, বিয়ানীবাজার থানার এসআই জহিরুল ইসলাম তালুকদার ও কনস্টেবল ফারুক আহত হন।
বড়লেখা থানার এসআই অমিতাভ চৌধুরী বলেন, ছিনতাইয়ের অভিযোগে এক নারী কয়েক দিন আগে তাঁদের বিরুদ্ধে থানায় মামলা করেন। ওই মামলার আসামিদের ধরার জন্য তাঁরা লাউতা গ্রামে গিয়েছিলেন। পুলিশ সদস্যদের ওপর আচমকা হামলা হওয়ায়
কোনো কিছু বুঝে ওঠার আগেই হাতকড়াসহ আসামি দুজন সটকে পড়েন। পরে ধাওয়া করেও হামলাকারী ও আসামিদের পাওয়া যায়নি।
বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুবের আহমদ বলেন, আহত পুলিশ সদস্যদের উদ্ধার করে রাতেই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেওয়া হয়েছে। পালিয়ে যাওয়া আসামি ও হামলাকারীদের ধরতে রোববার রাত থেকে অভিযান চলছে।