পুলিশের ওপর হামলা মামলার দুই আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের বাঁশখালীর গণ্ডামারায় কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র স্থাপন নিয়ে সংঘর্ষে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলার দুই আসামিকে ঢাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে। পুলিশের দাবি, বৃহস্পতিবার রাতে গ্রেপ্তারের পর দুজনের দেওয়া তথ্যের ভিত্তিতে সংঘর্ষের সময় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করা হয়েছে। গত শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে গণ্ডামারা ব্রিজের নিচে মাটি খুঁড়ে একটি এক নলা বন্দুক, এলজি ও চারটি কার্তুজ উদ্ধার করা হয়।
গ্রেপ্তার হওয়া দুজন হলেন বাঁশখালী পশ্চিম গণ্ডামারার আলী নবী ও মো. শফিউল আলম। এঁদের মধ্যে আলী নবী পুলিশের ওপর হামলা মামলার এজাহারভুক্ত আসামি। শফিউলকে সন্দেহভাজন আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে।
বাঁশখালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আলমগীর হোসেন প্রথম আলোকে বলেন, বৃহস্পতিবার গভীর রাতে ঢাকার ধানমন্ডি এলাকা থেকে আলী নবী ও শফিউল আলমকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর তাঁদের থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হয়। পরে তাঁদের দেওয়া তথ্যানুযায়ী শুক্রবার রাত দুইটার দিকে গণ্ডামারা ব্রিজের নিচে মাটি খুঁড়ে বন্দুক, এলজি ও কার্তুজ উদ্ধার করা হয়।
বাঁশখালীর গণ্ডামারায় কয়লাবিদ্যুৎ প্রকল্প স্থাপন নিয়ে পক্ষে-বিপক্ষের লোকজন ও পুলিশের সঙ্গে সংঘর্ষে গত ৪ এপ্রিল ৪ জন নিহত হন। সংঘর্ষের ঘটনায় তিনটি মামলা হয়। এর মধ্যে পুলিশের ওপর হামলা ও কাজে বাধা দেওয়ার অভিযোগে একটি মামলা রয়েছে। এই মামলায় নাম উল্লেখ করে ৫৭ জনকে আসামি করা হয়।
দুই গ্রামবাসীকে গ্রেপ্তারের বিষয়ে বসতভিটা ও গোরস্থান রক্ষা কমিটির সদস্য শফকত হোসেন প্রথম আলোকে বলেন, গ্রেপ্তার আলী নবী আন্দোলনকারীদের অন্যতম। আন্দোলন দমাতে পুলিশ সাজানো অস্ত্র দেখিয়ে তাঁকে গ্রেপ্তার করেছে। তাঁদের গ্রেপ্তারে এলাকার সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।