পুলিশের ওপর হামলা মামলায় আরও তিন নেতাকে গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফরিদপুরে পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় বিএনপি, যুবদল ও ছাত্রদলের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শুক্রবার রাত ১০টার দিকে শহরের বিভিন্ন স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ নিয়ে ছয়জনকে গ্রেপ্তার করল পুলিশ।

পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, প্রথমে শহরের পূর্ব খাবাসপুরের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় শহর বিএনপির সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা ওরফে মিরাজকে (৪৮)। এরপর শহরের ভাটিলক্ষ্মী এলাকার বাড়ি থেকে জেলা ছাত্রদলের এক নম্বর সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন ওরফে সনেটকে (২৪) গ্রেপ্তার করা হয়। ওই দুই নেতাকে দেখতে রাত সাড়ে ১১টার দিকে থানায় গেলে গ্রেপ্তার করা হয় জেলা যুবদলের সাধারণ সম্পাদক এ কে কিবরিয়া ওরফে স্বপনকে (৪৯)।

এর আগে পুলিশের দায়ের করা এ মামলায় গ্রেপ্তার করা হয় জেলা ছাত্রদল সভাপতি বেনজীর আহমেদ (৩৯), জেলা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক আদনান হোসেন ওরফে অনু (৩২) ও ছাত্রদল কর্মী নেতা প্লাবন শেখকে (২৭)।

বিএনপির ভাইস চেয়ারম্যান তারেক রহমানের গ্রেপ্তারি পরোয়ানার প্রতিবাদের ২৪ অক্টোবর সকালে শহরের ভাঙা রাস্তার মোড়ে এক সংক্ষিপ্ত সমাবেশে পুলিশের সঙ্গে ছাত্রদলের নেতা-কর্মীদের কথা-কাটাকাটি ও ধস্তাধস্তির ঘটনা ঘটে। এ ঘটনায় ওই রাতে ফরিদপুর কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) অসীম মণ্ডল বাদী হয়ে পুলিশের ওপর হামলার ঘটনায় ৪০ জনকে আসামি করে একটি মামলা করেন।

তিন নেতাকে গ্রেপ্তারের খবরের সত্যতা নিশ্চিত করেছেন কোতোয়ালি থানার এসআই বেল্লাল হোসেন।