কক্সবাজারের চকরিয়ায় গতকাল বৃহস্পতিবার একদল যুবকের হামলায় পুলিশের দুই সদস্য আহত হয়েছেন। পুলিশের অভিযোগ, চকরিয়া পৌর যুবলীগের সভাপতি মো. হাসানগীর হোছাইনের নেতৃত্বে এ হামলা চালানো হয়।
এ ঘটনায় পুলিশের ছররা গুলিতে পুলিশের একজন কর্মকর্তাসহ নয়জন আহত হন।এ ছাড়া ‘শ্রমিক লীগের নেতা-কর্মীরা’ কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ করে ১০টি গাড়ি ভাঙচুর করেন।
হামলায় আহত পুলিশ সদস্যরা হলেন চকরিয়া থানার উপপরিদর্শক (এসআই) রুহুল আমিন ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মো. ফারুখ। পুলিশের ছররা গুলিতে আহত ব্যক্তিরা হলেন চকরিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামরুল আজম, দৈনিক পূর্বকোণ-এর চকরিয়া প্রতিনিধি জাহেদ চৌধুরী, চকরিয়া পৌরসভা যুবলীগের সভাপতি হাসানগীর হোছাইন, সহসভাপতি খলিলুল্লাহ চৌধুরী, হাসানগীরের ছোট ভাই পৌর শ্রমিক লীগের সভাপতি জহির উদ্দিন, পথচারী মো. বাহাদুর ও মো. আরিফ। এ ঘটনায় পুলিশ খলিলুল্লাহ চৌধুরী, হাসানগীর হোছাইনের ছোট ভাই জহির উদ্দিন, যুবলীগের কর্মী মো. মানিক ও অজ্ঞাত পরিচয় এক যুবককে আটক করেছে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, গতকাল বিকেলে চকরিয়া পৌর শহরের বালিকা উচ্চবিদ্যালয় সড়কের মাথায় ফুটপাতের একটি দোকান সরিয়ে দেওয়া নিয়ে পৌর যুবলীগের সভাপতি মো. হাসানগীর হোছাইনের সঙ্গে পুলিশের এসআই রুহুল আমিনের কথা-কাটাকাটি হয়। এ সময় যুবলীগের কর্মীরা পুলিশের এক সদস্যের কাছ থেকে অস্ত্র ছিনিয়ে নেওয়ার চেষ্টা করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ছররা গুলি ছুড়লেপুলিশ, সাংবাদিক, পথচারী ও যুবলীগের নেতা-কর্মীসহ নয়জন আহত হন।
পুলিশ জানায়, ছররা গুলিতে আহত যুবলীগের নেতা হাসানগীর হোছাইন ও খলিলুল্লাহ চৌধুরীকে দেখতে সন্ধ্যা ছয়টার দিকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যান চকরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম ও থানার ওসি প্রভাষ চন্দ্র ধর। এ সময় তাঁদের একটি কক্ষে আটকে রেখে ইট নিক্ষেপ করেন যুবলীগের কর্মীরা। পরে কক্সবাজারের সহকারী পুলিশ সুপার (সদর সার্কেল-চকরিয়া) মো. মাসুদ আলম তাঁদের উদ্ধার করতে সেখানে গেলে হাসানগীর হোছাইনের নেতৃত্বে হামলা চালানো হয়। এ সময় এসআই রুহুল আমিন ও এএসআই মো. ফারুখ আহত হন। পুলিশ এ সময় রাবার বুলেট ছুড়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্র জানায়, রাত আটটার দিকে শ্রমিক লীগের নেতা-কর্মীরাকক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের জিদ্দাবাজার এলাকায় গাছ ফেলে অবরোধ করেন। এ সময় অন্তত ১০টি গাড়ি ভাঙচুর করা হয়। ১৫-২০ মিনিট পর পুলিশ অবরোধকারীদের হটিয়ে দেয়।
চকরিয়া উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা আবদুস সালাম বলেন, কিছু উচ্ছৃঙ্খল যুবক অতর্কিতে হামলা চালিয়ে হাসপাতালের জানালার কয়েকটি কাচ ভাঙচুর করে।
মো. হাসানগীর হোছাইনের মুঠোফোন বন্ধ থাকায় এ ব্যাপারে তাঁর বক্তব্য পাওয়া যায়নি। কক্সবাজার জেলা যুবলীগের সভাপতি খোরশেদ আলম বলেন, চকরিয়া পৌরসভার চিরিঙ্গা স্টেশনে অবৈধ দোকানপাট উচ্ছেদ নিয়ে কতিপয় যুবক ও পুলিশের মধ্যে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। এর সঙ্গে যুবলীগের কেউ জড়িত নয়।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রভাষ চন্দ্র ধর বলেন, মো. হাসানগীর হোছাইনেরনেতৃত্বে যুবলীগের নেতা-কর্মীরা পুলিশের ওপর দুই দফা হামলা চালায়। তিনি জানান, এ ঘটনায় চারজনকে আটক করা হয়েছে।