পুলিশের কাছ থেকে অস্ত্র মামলার আসামি ছিনতাই
চট্টগ্রামের বোয়ালখালীতে আসামিসহ এক আওয়ামী লীগ নেতার বাড়িতে অস্ত্র উদ্ধার অভিযানে গেলে পুলিশের ওপর হামলা চালিয়ে ওই আসামিকে ছিনিয়ে নেওয়া হয়েছে বলে জানা গেছে। গতকাল বৃহস্পতিবার রাতে উপজেলার সারোয়াতলী ইউনিয়নের হোরারবাগ গ্রামে চেয়ারম্যান বাড়িতে এ ঘটনা ঘটেছে।
ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম সাইফুদ্দিন বাপ্পী। তিনি বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি। তাঁর বড় ভাই বেলাল হোসেন সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান। এ ঘটনায় আহত হয়েছেন চার পুলিশ সদস্য। তাঁরা হলেন নগরের বায়েজীদ বোস্তামী থানার উপপরিদর্শক (এসআই) এইচ এম এরশাদ উল্লাহ, আইয়ুব উদ্দিন ও সঞ্জয় পাল এবং চান্দগাঁও থানার এসআই মফিজ উদ্দিন। তাঁরা চট্টগ্রাম পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
চট্টগ্রাম নগর পুলিশের সহকারী কমিশনার (পাঁচলাইশ অঞ্চল) এস এম মোবাশ্বের হোসেন প্রথম আলোকে বলেন, নগরের বায়েজীদ বোস্তামী থানার শহীদনগর ও আতুরার ডিপো এলাকায় গত সোমবার রাতে পৃথক অভিযান চালিয়ে ২টি এলজি, ১১টি গুলিসহ তিন ব্যক্তিকে গ্রেপ্তার করে বায়েজীদ থানার পুলিশ। এ ঘটনায় থানায় মামলা হয়। গ্রেপ্তার তিন আসামি মো. ফোরকান, মো. রাজীব ও মো. হারুনের কাছ থেকে পাওয়া তথ্যের ভিত্তিতে অস্ত্রের জোগানদাতা বোয়ালখালীর সাইফুদ্দিনকে খুঁজতে শুরু করে পুলিশ। গোপন তথ্যের ভিত্তিতে গতকাল বৃহস্পতিবার রাত আটটার দিকে মুরাদপুর-হাটহাজারী সড়কের আমিন জুট এলাকা থেকে দুটি বিদেশি পিস্তলসহ সাইফুদ্দিন বাপ্পীকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সাইফুদ্দিন জানান, তাঁর গ্রামের বাড়ি বোয়ালখালীর সারোয়াতলীতে অস্ত্র ও অস্ত্র তৈরির সরঞ্জাম রয়েছে। পরে চান্দগাঁও ও বায়েজীদ বোস্তামী থানা-পুলিশের একটি দল বোয়ালখালী থানা-পুলিশের সহযোগিতায় সাইফুদ্দিনের ঘরের খাটের নিচ থেকে একটি বিদেশি রিভলবার, একটি শাটারগান, একটি এয়ারগান, একটি চায়নিজ কুড়াল, ১৬টি বিভিন্ন আকারের ছুরি, অস্ত্র তৈরির সরঞ্জাম-ওয়েল্ডিং মেশিন, লোহার ছাঁচ ও অস্ত্রের ম্যাগাজিন স্প্রিং উদ্ধার করা হয়।
সহকারী কমিশনার এস এম মোবাশ্বের আরও বলেন, অস্ত্রগুলো উদ্ধার করে ফেরার সময় আসামি সাইফুদ্দিনের ছোট ভাই সালাউদ্দিনের নেতৃত্বে ৫০ থেকে ৬০ জন লোক পুলিশের ওপর হামলা চালায়। এতে চার পুলিশ সদস্য আহত হন। আমিন জুটমিল এলাকা থেকে গ্রেপ্তার সাইফুদ্দিনকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া হয়। সাইফুদ্দিনের কাছ থেকে অস্ত্র উদ্ধারের ঘটনায় বায়েজীদ বোস্তামী থানায় মামলা হয়েছে। পুলিশের ওপর হামলা ও আসামি ছিনতাইয়ের ঘটনায় বোয়ালখালী থানায় পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে। ছিনিয়ে নেওয়া আসামি সাইফুদ্দিনকে গ্রেপ্তারে অভিযান চলছে। তাঁর বিরুদ্ধে বোয়ালখালী থানায় ২০০৩, ২০১০ এবং ২০১৩ সালে পৃথক তিনটি অস্ত্র মামলা রয়েছে।
পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়া আসামি সাইফুদ্দিনের বড় ভাই এবং সারোয়াতলী ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ও ইউপি চেয়ারম্যান বেলাল হোসেন আজ বিকেলে প্রথম আলোকে বলেন, নারায়ণগঞ্জের মতো সাদাপোশাকধারী পুলিশ সদস্যরা তাঁর ভাই সাইফুদ্দিনকে ধরে নিয়ে যেতে চাইলে এলাকাবাসী বাধা দেয়। তাঁরা শহরে থাকেন। তাঁর ভাই সাইফুদ্দিন গ্রামের বাড়িতে থাকেন। তিনি পোলট্রি ব্যবসা করেন। এ ছাড়া বোয়ালখালী উপজেলা শ্রমিক লীগের সহসভাপতি। চেয়ারম্যান বেলাল দাবি করেন, রাতে তিনি গ্রামের বাড়িতে পৌঁছার আগে পুলিশকে স্থানীয় লোকজন বাধা দেয়।
সাইফুদ্দিনের বিরুদ্ধে আগের তিনটি অস্ত্র মামলা সম্পর্কে বেলাল হোসেন বলেন, রাজনৈতিকভাবে হয়রানি করতে মামলাগুলো করা হয়েছিল। এগুলোর বিচার চলছে। বৃহস্পতিবার রাতে ঘর থেকে গরু জবাইয়ের ছুরি উদ্ধার করেছে পুলিশ। পাখি মারার জন্য ঘরে একটি লাইসেন্স করা তাদের এক আত্মীয়ের এয়ারগান ছিল। অন্যের লাইসেন্স করা অস্ত্র রাখা প্রসঙ্গে কোনো মন্তব্য করতে রাজি হননি বেলাল হোসেন।