পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই
নড়াইলের লোহাগড়ায় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানের নেতৃত্বে পুলিশের ওপর হামলা চালিয়ে ডাকাতি মামলার এক আসামিকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। গত রোববার রাতে উপজেলার ইতনা গ্রামে এ ঘটনা ঘটে।
এ হামলার ঘটনায় ইতনা ইউপির চেয়ারম্যান নাজমুল হাসানসহ ১৬ জনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাতনামা ৭০-৮০ জনের বিরুদ্ধে গতকাল সোমবার লোহাগড়া থানায় মামলা হয়েছে।
ছিনিয়ে নেওয়া ওই আসামির নাম তবি শেখ (৪৮)। তাঁকে গতকাল ভোরে ইতনা এলাকা থেকে পুলিশ আবার গ্রেপ্তার করেছে। তবি শেখের বাড়ি ইতনা দক্ষিণপাড়ায়। তিনি একটি হত্যা, তিনটি ডাকাতি ও মাদকের কয়েকটি মামলার আসামি।
গত রোববার রাতে পুলিশ তবি শেখকে গ্রেপ্তার করে। থানায় আনার সময় চেয়ারম্যান নাজমুলের নেতৃত্বে ৭০-৮০ জন লোক ইতনা চৌরাস্তায় পুলিশের গতি রোধ করে। একপর্যায়ে তাঁরা হামলা চালিয়ে তবিকে ছিনিয়ে নিয়ে যান। তাঁকে আবার গ্রেপ্তার করা হয়েছে।