পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের আনোয়ারায় একাধিক মামলার আসামি নাছির উদ্দিন খানকে (৫০) গ্রেপ্তারের পর পুলিশের কাছ থেকে ছিনিয়ে নিয়েছে এক দল লোক। উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের সৈয়দ আহমদ বাড়িতে গত সোমবার বিকেলে এ ঘটনা ঘটে। তিনি এখনো পলাতক রয়েছেন। তাঁর বিরুদ্ধে আনোয়ারা থানায় দুটি মামলায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ছাড়া কর্ণফুলী থানার একটি মামলায় সাজাও হয়েছে তাঁর। এ ঘটনায় পুলিশ বাদী হয়ে আনোয়ারা থানায় একটি মামলা করেছে।

আনোয়ারা থানা সূত্রে জানা গেছে, গত সোমবার বিকেল সাড়ে চারটায় উপজেলার বারশত ইউনিয়নের গোবাদিয়া গ্রামের সৈয়দ আহমদের বাড়ি থেকে একাধিক মামলার আসামি নাছির উদ্দিন খানকে গ্রেপ্তার করে আনোয়ারা পুলিশের একটি দল। গ্রেপ্তারের পর হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার সময় এক দল লোক পুলিশের কাছ থেকে জোর করে তাঁকে ছিনিয়ে নেয়। এ ঘটনায় রাতে সিইউএফএল পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের বাদী হয়ে ১৪ জনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ২০-২৫ জনকে আসামি করে মামলা করেছেন। পলাতক নাছির গোবাদিয়া গ্রামের সৈয়দ আহমদের ছেলে।

সিইউএফএল পুলিশ ফাঁড়ির পরিদর্শক আবুল খায়ের প্রথম আলোকে বলেন, ‘ঘরে অবস্থানের খবর পেয়ে আমরা নাছিরকে ধরতে অভিযান চালাই এবং গ্রেপ্তার করে হাতকড়া পরাই। সঙ্গে সঙ্গে তাঁর আত্মীয়-স্বজনেরা এসে তাঁকে ছিনিয়ে নেন।’

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (তদন্ত) মাহবুব মিল্কি বলেন, ‘এ ব্যাপারে থানায় মামলা হয়েছে, আমরা পলাতক নাছিরকে ধরতে অভিযান চালাচ্ছি।’