পুলিশের কাছ থেকে আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কক্সবাজারের উখিয়ায় পুলিশের কাছে থেকে ইয়াবাসহ তিনটি মামলার আসামিকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। পুলিশের পক্ষ থেকে দাবি করা হয়েছে, গত শুক্রবার রাতে নুরুল হক নামের ওই আসামিকে গ্রেপ্তারের পর থানায় নিয়ে আসার পথে পালংখালী বাস স্টেশন এলাকায় তাঁকে ছিনিয়ে নেয় একটি সংঘবদ্ধ দল।

কক্সবাজারের অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোহাম্মদ ইকবাল বলেছেন, সংঘবদ্ধ ওই দলের সদস্যরাও ইয়াবা ব্যবসার সঙ্গে জড়িত। আর ইয়াবা মামলার আসামি নুরুল হক পালংখালী ইউনিয়ন পরিষদের (ইউপি) ৭ নম্বর ওয়ার্ডের সদস্য।

পুলিশ জানায়, নুরুলের বিরুদ্ধে ইয়াবার দুটি ও পুলিশের ওপর হামলার একটি মামলার গ্রেপ্তারি পরোয়ানা আছে। শুক্রবার রাতে পুলিশের চার সদস্যের একটি দল নুরুলকে পালংখালী বাসস্টেশন এলাকার আলমগীর মার্কেটের সামনে থেকে গ্রেপ্তার করে। পুলিশের ওই দলে একজন উপপরিদর্শক ও কনস্টেবলরা ছিলেন। এ সময় নুরুলকে গ্রেপ্তারের খবর পেয়ে ২০ থেকে ৩০ জনের একটি দল লাঠিসোঁটা নিয়ে পুলিশের ওপর হামলা করে নুরুলকে ছিনিয়ে নেয়।

উখিয়া থানা-পুলিশের তদন্ত কর্মকর্তা নুরুল ইসলাম ভূঁইয়া জানান, হামলায় পুলিশের তিন সদস্য আহত হয়েছেন। নুরুলকে গ্রেপ্তারে বিশেষ অভিযান চলছে।