পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নীলফামারীর জলঢাকা উপজেলায় আবদুল কাদিম (৪২) নামের সাজাপ্রাপ্ত পলাতক এক আসামিকে পুলিশের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। জলঢাকার কাঁঠালী ইউনিয়নের চৌধুরীর হাট এলাকায় গতকাল শুক্রবার ওই ঘটনা ঘটে।
কাদিম উপজেলার কাঁঠালী ইউনিয়নের দেশীবাই গ্রামের বাসিন্দা। তিনি বগুড়া আজিজুল হক কলেজের শিবিরের সাবেক সভাপতি ও উপজেলার টেংগনমারী ডিগ্রি কলেজের অতি সম্প্রতি নিয়োগ পাওয়া প্রভাষক।
এলাকার কয়েকজন বাসিন্দা সূত্রে জানা গেছে, কাদিম গতকাল দুপুরে নিজের বাড়ির অদূরে চৌধুরীর বাজার জামে মসজিদ থেকে বের হয়ে বাড়ির দিকে যাচ্ছিলেন। পথে পুলিশ তাঁকে গ্রেপ্তার করলে কিছু লোক একত্র হয়ে পুলিশের ওপর হামলা চালিয়ে কাদিমকে ছিনিয়ে নেন। তাঁরা সবাই জামায়াত-শিবিরের রাজনীতির সঙ্গে জড়িত বলে স্থানীয় বাসিন্দারা অভিযোগ করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, ঢাকার উত্তরার পূর্ব ও পশ্চিম থানায় কাদিম ওরফে আবদুল কাদেরের বিরুদ্ধে পুলিশের ওপর হামলা, অগ্নিসংযোগ ও বিস্ফোরক আইনের পৃথক তিনটি মামলা রয়েছে। ২০১২ সালের নভেম্বর মাসে দ্রুত বিচার আইনের একটি মামলায় তাঁর সাত বছর সাজা হয়।
এ ব্যাপারে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান গতকাল সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, কাদিম পলাতক ছিলেন। আদালতের গ্রেপ্তারি পরোয়ানায় তাঁকে গতকাল দুপুরে গ্রেপ্তার করতে যায় পুলিশ। তাঁকে ধরার সময় ওই এলাকার কিছু লোক বাধা সৃষ্টি করে আসামিকে পালিয়ে যেতে সাহায্য করেন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।