পুলিশের কাছ থেকে আসামি ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ৭

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের সাতকানিয়া থানার পুলিশ সোনাকানিয়া ইউনিয়নের মির্জাখীল এলাকায় হত্যা মামলার পলাতক আসামি জাহেদুল ইসলামকে (৩৮) আটক করে থানায় নিয়ে আসার পথে আসামির পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা চালিয়ে জাহেদুলকে ছিনতাই করে নিয়ে গেছেন। এ ঘটনায় পুলিশ এলাকার সাত ব্যক্তিকে গ্রেপ্তার করেছে। এ ছাড়া পুলিশ নিরীহ সাধারণ মানুষকে মারধর করেছে বলে জানা গেছে। গত বৃহস্পতিবার রাতে এ ঘটনা ঘটে।
এলাকাবাসী ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যার পর সাদাপোশাকধারী একদল পুলিশ স্থানীয় আমজাদ চেয়ারম্যান হত্যার পলাতক আসামি জাহেদুলকে তাঁর বাড়ির পাশ থেকে আটক করে। এ দৃশ্য দেখার পর তাঁর ভাইবোন ও পরিবারের সদস্যরা পুলিশের ওপর হামলা করে জাহেদুলকে ছিনতাই করে নিয়ে যান।
এরপর ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে সাধারণ নিরীহ মানুষকে এলোপাতাড়ি মারধর করে। এতে সাইফুল ইসলাম, হুমায়ুন কবির, মো. জোবায়ের, রতন নাথ, মানিকসহ অন্তত ২০ জন আহত হন। তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে।
পুলিশ জানায়, হত্যা মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পলাতক আসামি জাহেদুলকে আটক করার পর পরিবারের সদস্যসহ ৫০-৬০ জন এলাকাবাসী পুলিশের ওপর হামলা চালিয়ে, কামড় দিয়ে জাহেদুলকে ছিনতাই করে নিয়ে গেছেন। এরপর সেখানে অতিরিক্ত পুলিশ উপস্থিত হয়ে ঘটনার সঙ্গে জড়িত কয়েকজনকে গ্রেপ্তার করে থানায় নিয়ে এসেছে। হামলা ও কামড়ে সহকারী উপপরিদর্শক (এএসআই) রফিক ও টিপু সুলতান আহত হয়েছেন। এলাকার নিরীহ কোনো লোককে পুলিশ মারধর করেনি। এ ঘটনায় জড়িত চিহ্নিত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা হাফিজুর ইসলাম প্রথম আলোকে বলেন, আসামি ছিনতাই করার ঘটনায় জড়িত ব্যক্তিদের না পেয়ে পুলিশ এলাকার সাধারণ নিরীহ লোকজনকে মারধর করার পর গ্রেপ্তার করে নিয়ে গেছে।
সাতকানিয়া থানার ওসি মো. খালেদ হোসেন বলেন, পরিবারের সদস্য ও এলাকার লোকেরা পুলিশের ওপর আক্রমণ করে গ্রেপ্তার করা হত্যা মামলার আসামি জাহেদুলকে ছিনতাই করে নিয়ে যায়। পুলিশ ঘটনায় জড়িত ব্যক্তিদের মধ্যে সাতজনকে গ্রেপ্তার করেছে। কোনো নিরীহ ব্যক্তিকে গ্রেপ্তার বা মারধর করা হয়নি।
সাতকানিয়া সার্কেলের সহকারী পুলিশ সুপার এ কে এম এমরান ভূঞা বলেন, পুলিশের ওপর হামলা চালিয়ে আসামি ছিনতাই করার ঘটনায় ১৭ জনের নাম উল্লেখ ও ৫০-৬০ জনকে অজ্ঞাতনামা হিসেবে আসামি করে সাতকানিয়া থানায় মামলা করা হয়েছে।