পুলিশের কাছ থেকে ইয়াবা মামলার আসামি ছিনতাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কক্সবাজারের টেকনাফে তালিকাভুক্ত এক ইয়াবা ব্যবসায়ীকে গ্রেপ্তারের পর পুলিশের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাঁকে ছিনিয়ে নিয়ে গেছে দুর্বৃত্তরা। এতে একজন উপপরিদর্শকসহ ছয়জন আহত হয়েছেন। গত শুক্রবার রাত ১২টার দিকে উপজেলার হ্নীলা ইউনিয়নের পশ্চিম লেদা গ্রামে এ ঘটনা ঘটে।
সেদিন রাতে টেকনাফের ইয়াবা ব্যবসায়ী এবং ছয় মামলার পরোয়ানাভুক্ত পলাতক আসামি নুরুল হুদাকে (৪০) গ্রেপ্তারে অভিযান চালানো হয়। তাঁর বিরুদ্ধে মাদক, মানব পাচার, পুলিশের ওপর হামলা, বন কর্মকর্তাকে মারধর করাসহ বিভিন্ন অভিযোগে অন্তত ১২টি মামলা রয়েছে বলে পুলিশ জানায়। মাদকের একটি মামলায় ২০১৪ সালের জুন মাসে তিনি জামিনে ছাড়া পান।
পুলিশ জানায়, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের করা ইয়াবা ব্যবসায়ীর তালিকায় নুরুল হুদা তাঁর তিন ভাই নুরুল কবির, শামশুল হুদা ও নুর মোহাম্মদের নাম রয়েছে। এর মধ্যে ২০১৪ সালের ২০ মার্চ র্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ নুর মোহাম্মদ নিহত হন।
পুলিশ সূত্র ও ঘটনার প্রত্যক্ষদর্শী কয়েকজন বলেন, এসআই শেফায়াত হোসেনের নেতৃত্বে পুলিশের একটি দল হ্নীলার লেদা গ্রামের নুরুল হুদার বাড়িতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে। নুরুল হুদাকে হাতকড়া পরিয়ে বাড়ি থেকে বের হওয়ার সময় হঠাৎ পুলিশের ওপর ইটপাটকেল, লাঠিসোঁটা, রড ও ধারালো অস্ত্র নিয়ে হামলা চালানো হয়। এ সময় তাঁরা নুরুল হুদাকে ছিনিয়ে নিয়ে যায়। খবর পেয়ে উপপরিদর্শক (এসআই) সুবীর পালের নেতৃত্বে পুলিশের আরেকটি দল ঘটনাস্থলে গেলে তাদেরও লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়।
হামলায় আহত হয়েছেন উপপরিদর্শক (এসআই) সুবীর পাল, আনসার সদস্য সুলতান আহমদ, শহিদুল ইসলাম, পুলিশ সদস্য দিদারুল আলম, মো. আলা উদ্দিন এবং পুলিশকে বহনকারী গাড়িচালক আবদুস শুক্কুর আহত হন। গুরুতর আহত সুলতান আহমদকে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
টেকনাফ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মজিদ বলেন, পলাতক আসামিকে গ্রেপ্তার করতে গেলে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করা হয়। ইটপাটকেলের আঘাতে একজন উপপরিদর্শকসহ ছয়জন আহত হন। এ ঘটনায় উপপরিদর্শক (এসআই) শেফায়াত হোসেন বাদী হয়ে নুরুল হুদাকে প্রধান আসামি করে ১৪ জনের বিরুদ্ধে মামলা করেছেন।
টেকনাফ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক আবদুল মান্নান ও কক্সবাজার সদর হাসপাতালের চিকিৎসক নোবেল বড়ুয়া প্রথম আলোকে বলেন, আনসার সদস্য সুলতান আহমদের পিঠে রড ও মাথায় দায়ের কোপের আঘাত রয়েছে।
কক্সবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন আনসার সদস্য সুলতান আহমদ প্রথম আলোকে বলেন, ‘নুরুল হুদাকে আটক করার পর তার লোকজন আমাদের ওপর হামলা চালিয়ে হাতকড়াসহ তাকে ছিনিয়ে নেয়। এ সময় তাকে ধাওয়া করতে গেলে তারা লোহার রড দিয়ে পিটিয়ে ও কুপিয়ে আমাকে আহত করে।’