পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, সংঘর্ষ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মুন্সিগঞ্জের শ্রীনগর উপজেলার আরধিপাড়ায় গত শনিবার রাতে পুলিশের ওপর হামলা চালিয়ে এক মাদক ব্যবসায়ীকে ছিনিয়ে নিয়েছেন তাঁর সহযোগীরা। এ সময় পুলিশের সঙ্গে তাঁদের সংঘর্ষে ছয় পুলিশসহ ১৫ জন আহত হন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্র জানায়, শনিবার রাত সাড়ে আটটার দিকে শ্রীনগর থানার পুলিশ আরধিপাড়া থেকে মাদক ব্যবসায়ী সায়েমকে (৩৩) ইয়াবা বড়িসহ আটক করে। এ সময় তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করলে শুরু হয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ। সংঘর্ষ চলাকালে সায়েমকে ছিনিয়ে নেন তাঁর সহযোগীরা। থানা থেকে অতিরিক্ত পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনলেও সায়েমকে তারা উদ্ধার করতে পারেনি। ঘটনাস্থল ও আশপাশের স্থান থেকে পুলিশ গ্রেপ্তার করে ১০ জনকে।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন: বাচ্চু মিয়া, নূর আমিন, দিপু হোসেন, মাসুম শেখ, আজিজ, আজিজ শেখ, হুমায়ুন ওরফে টিপু, টিটু হোসেন, শাহীন ও পিন্টু।
সদর থানার ওসি মাহবুবুর রহমান বলেন, আসামি ছিনিয়ে নেওয়া এবং পুলিশের ওপর হামলার ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে।