পুলিশের কাছে ধরা দিলেন ছোট ভাই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম নগরে বড় ভাই সোহেল চৌধুরীকে খুনের কথা স্বীকার করে পুলিশের কাছে ধরা দিয়েছেন তাঁর ছোট ভাই রায়হান চৌধুরী।

নগরের কোতোয়ালি থানার রাবেয়া রহমান লেনের একটি বাসায় গত রোববার ছুরিকাঘাতে নিহত হন স্থপতি সোহেল চৌধুরী। এ ঘটনায় তাঁর স্ত্রী সাথী আক্তার দেবর রায়হান চৌধুরীকে আসামি করে কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন। কলেজে যেতে বলায় রায়হান বড় ভাইকে খুন করে পালিয়ে যান বলে জানিয়েছে তাঁর পরিবার ও পুলিশ।

পুলিশ জানায়, রায়হান গত সোমবার রাতে রাজধানীর মতিঝিল পুলিশ বক্সে গিয়ে বড় ভাইকে খুন করার কথা স্বীকার করে আত্মসমর্পণ করেন। মতিঝিল থানার পুলিশ তাঁকে চট্টগ্রামের কোতোয়ালি থানার পুলিশের কাছে হস্তান্তর করেছে।

চট্টগ্রামের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জসীম উদ্দীন প্রথম আলোকে বলেন, বড় ভাইকে খুন করে রায়হান ঘটনার দিনই ট্রেনে করে চট্টগ্রাম থেকে ঢাকায় চলে যান। রাতে একটি মসজিদে থাকেন। পরে তিনি নিজের ভুলের জন্য অনুতপ্ত হয়ে সোমবার রাত সাড়ে নয়টার দিকে মতিঝিল পুলিশ বক্সে গিয়ে তাঁকে গ্রেপ্তার করতে পুলিশকে অনুরোধ জানান। পরে তাঁকে মতিঝিল থানায় নেওয়া হয়। সেখান থেকে কোতোয়ালি থানায় খবর দেওয়া হয়। রায়হানকে চট্টগ্রামে আনার জন্য পুলিশের কয়েকজন সদস্য ঢাকায় যান। তিনি জানান, বুধবার (আজ) রায়হানকে আদালতে হাজির করা হবে।