দিনাজপুরের হিলিতে শিশু আত্বাহী আল রশীদকে অপহরণের পর হত্যার কথা স্বীকার করেছে গ্রেপ্তার হওয়া সামিউল। গোয়েন্দা পুলিশের (ডিবি) উপপরিদর্শক (এসআই) বজলুর রশীদ গতকাল বুধবার এ কথা জানান।
অপহরণের এক দিন পর গত মঙ্গলবার রাত ১০টার দিকে ডিবি পুলিশ প্রতিবেশী আমজাদ হোসেনের বাড়ি থেকে আত্বাহীর লাশ উদ্ধার করে। এ ঘটনায় পুলিশ আমজাদ ও তাঁর ছেলে সামিউলকে আটক করে। আত্বাহী হাকিমপুর মহিলা ডিগ্রি কলেজর উপাধ্যক্ষ মো. মামুনুর রশীদের ছোট ছেলে।
এসআই বজলুর রশীদ গতকাল দুপুরে প্রথম আলোকে বলেন, ঘটনার পর মঙ্গলবার সকালে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মো. মিজানুর রহমানের নেতৃত্বে ডিবি পুলিশের একটি অভিযানে প্রতিবেশী সামিউল ও তার বাবাকে আটক করা হয়। আটকের পর সামিউল পুলিশকে জানিয়েছে, সে হাকিমপুর ডিগ্রি কলেজের উচ্চমাধ্যমিক দ্বিতীয় বর্ষের ছাত্র। এক মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক রয়েছে। ওই মেয়েকে বিয়ে করার ক্ষেত্রে নিজেদের অসচ্ছল অবস্থাকে সে বাধা মনে করত। তাই সে অপহরণের এ ফন্দি আঁটে। ১৫ দিন আগে প্রতিবেশী মামুনুর রশীদের ছোট ছেলে আত্বাহীকে অপহরণের সিদ্ধান্ত নেয় সে। পরিকল্পনা অনুযায়ী গত সোমবার আত্বাহীকে বাড়ির সামনে থেকে কৌশলে নিজ বাড়িতে ডেকে নিয়ে যায় সামিউল।
এসআই বজলুর রশীদ বলেন, আত্বাহীকে বাড়িতে নিয়ে যাওয়ার পরই তাকে গলা টিপে হত্যা করে সামিউল। পরে লাশ বস্তাবন্দী করে বাড়িতে লুকিয়ে রাখে। এরপর মুক্তিপণ আদায়ের ফন্দি করে সামিউল। আত্বাহীর বাবাকে মুঠোফোনে খুদেবার্তা পাঠিয়ে মুক্তিপণ দাবি করতে থাকে সে। ৩০ লাখ টাকা থেকে শুরু করে সর্বশেষ তিন লাখ টাকার দাবিতে অনড় থাকে সামিউল। এর মধ্যেই ডিবি পুলিশের দল অভিযান চালিয়ে সামিউল ও তার বাবাকে আটক করে। সামিউলের স্বীকারোক্তিতে অনুযায়ী আত্বাহীর লাশ উদ্ধার করা হয়।
হাকিমপুর থানা সূত্রে জানা যায়, হত্যার ঘটনায় মামুনুর রশীদ বাদী হয়ে আমজাদ হোসেন, তাঁর স্ত্রী ও ছেলে সামিউলকে আসামি করে মামলা করেছেন। এর আগে সোমবার তিনি সাধারণ ডায়েরি (জিডি) করেন।