পুলিশের কানের পর্দা ফাটানো ছাত্রলীগ নেতা বহিষ্কার
পুলিশকে থাপ্পড় দিয়ে কানের পর্দা ফাটিয়ে দেওয়ার অভিযোগে শরীয়তপুর সদর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি আক্তার হোসেনকে সংগঠন থেকে বহিষ্কার করা হয়েছে। এ ঘটনায় দুটি মামলা হয়েছে। এদিকে পর্দা ফেটে যাওয়া আহত পুলিশ সদস্য সেলিম মাতুব্বর এখন ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসাধীন।
শরীয়তপুর জেলা ছাত্রলীগের আহ্বায়ক মহসিন মাদবর বলেন, আক্তার যে ঘটনা ঘটিয়েছে, এর দায় তাঁকেই নিতে হবে। ছাত্রলীগে কোনো অপরাধীর স্থান নেই। শৃঙ্খলাভঙ্গের অভিযোগে সদর উপজেলা ছাত্রলীগের পদ থেকে তাঁকে বহিষ্কার করা হয়েছে। এ ছাড়া শিগগিরই সদর উপজেলা কমিটি ভেঙে দেওয়া হবে।
মামলার প্রসঙ্গে শরীয়তপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খলিলুর রহমান বলেন, চিকিৎসককে হুমকি, অপদস্থ, সরকারি কাজে বাধা দান ও পুলিশ সদস্যকে মারধরের ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
ওসি আরও বলেন, দুটি মামলাতেই আক্তার হোসেন ছাড়াও তাঁর মামা সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলমগীর হোসেন হাওলাদার এবং পালং তুলাসার মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি জাগরণ শেখকে আসামি করা হয়েছে। একটি মামলার বাদী সদর থানার উপপরিদর্শক (এসআই) নজরুল ইসলাম। আরেকটির বাদী শরীয়তপুর সদর হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা সুমন কুমার পোদ্দার।
ওসি জানান, আহত পুলিশ সদস্য সেলিমকে ঢাকার রাজারবাগ পুলিশ লাইন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। প্রয়োজনে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হতে পারে।
গতকাল মঙ্গলবার দুপুরে আলমগীর হোসেন হাওলাদার তাঁর ভাগনে আক্তার হোসেনকে নিয়ে শরীয়তপুর সদর হাসপাতালের চিকিৎসক দেবাশীষ সাহার কক্ষে যান। তাঁদের সঙ্গে জাগরণ শেখও ছিলেন। তাঁরা চিকিৎসকের কাছে হোসেন খন্দকার নামের এক রোগীর আঘাতের চিকিৎসাজনিত সনদপত্র দাবি করেন। কিন্তু রোগীকে ছাড়া সনদপত্র দিতে রাজি হননি চিকিৎসা কর্মকর্তা। তখন আক্তার ওই চিকিৎসা কর্মকর্তাকে গালাগাল করে অপদস্থ করতে থাকেন। সেখানে তখন চিকিৎসা নিতে উপস্থিত ছিলেন পুলিশের নায়েক সেলিম মাতুব্বর। চিকিৎসককে কেন এভাবে অপদস্থ করা হচ্ছে, তা জানতে চান। তখন আক্তার উত্তেজিত হয়ে ওই পুলিশ সদস্যকে মারধর করতে থাকেন। তাঁর থাপ্পড়ে পুলিশ সদস্যর ডান কানের পর্দা ফেটে যায়। হাসপাতালের কর্মীরা তাঁকে উদ্ধার করে জরুরি বিভাগে নিয়ে চিকিৎসা দেন। পরে তাঁকে ঢাকায় পাঠানো হয়।