পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ পালালেন দুজন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ময়মনসিংহের তারাকান্দা উপজেলায় পুলিশের গাড়ি থেকে হাতকড়াসহ দুই জুয়াড়ি পালিয়ে গেছেন। গত রোববার রাতে উপজেলার গোপালপুর বাজারে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, রোববার রাত সাড়ে নয়টার দিকে জুয়ার আসর বসানোর খবর পেয়ে গোপালপুর বাজারে পুলিশ অভিযান চালায়। পুলিশ জুয়ার আসর থেকে সাইদুর ও আলমগীর নামের দুজনকে আটক করে গাড়িতে তোলে। এ সময় বাজারের লোকজন তাঁদের ছেড়ে দেওয়ার জন্য পুলিশের ওপর চাপ সৃষ্টি করেন। পরে পুলিশ গাড়ি থেকে নেমে স্থানীয় লোকজনের সঙ্গে কথা বলতে যায়। এ সময় সুযোগ পেয়ে সাইদুর ও আলমগীর পালিয়ে যান।
তবে তারাকান্দা থানার ওসি আলী আহাম্মদ বলেন, সাইদুরকে ওই এলাকা থেকে গতকাল সোমবার আবারও আটক করা হয়েছে। পালিয়ে যাওয়ার সময় তাঁদের হাতে হাতকড়া ছিল না।