পুলিশের গাড়িতে হামলা, গুলিতে শিবির নেতা নিহত
রাজশাহীতে পুলিশের টহল গাড়িতে বোমা হামলা চালানোর সময় গুলিতে রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের তথ্যবিষয়ক সম্পাদক শাহাবুদ্দিন (২২) নিহত হয়েছেন বলে দাবি করেছে পুলিশ। তাদের দাবি, হাতবোমার আঘাতে পুলিশের একজন কনস্টেবল ও গুলিবিদ্ধ হয়ে ছাত্রশিবিরের দুই নেতা আহত হয়েছেন।
গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে রাজশাহী নগরের মতিহার থানার কাটাখালী শমসাদিপুর এলাকায় এ ঘটনা ঘটে। আহত দুজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহত শাহবুদ্দিন নাটোরের ছাতনি গ্রামের রফিকুল ইসলামের ছেলে। তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ক্রপস সায়েন্স অ্যান্ড টেকনোলজি বিভাগের চতুর্থ বর্ষের ছাত্র ছিলেন। আহত দুই শিবির নেতা হলেন, শিবিরের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের হবিবুর রহমান হল শাখার সভাপতি হাবিবুর রহমান ও বিনোদপুর আবাসিক সভাপতি মফিজুর রহমান।
মহানগর গোয়েন্দা পুলিশের সহকারী কমিশনার ইফতেখায়ের আলমের ভাষ্য, নাশকতাকারীদের ধরতে দিবাগত রাত একটার দিকে পুলিশের একটি টহল দল কাটাখালী পৌর এলাকার শমসাদিপুর এলাকায় অভিযান চালায়। টহল গাড়িগুলো শমসাদিপুর কবরস্থানের কাছে পৌঁছালে ওত পেতে থাকা শিবিরের নেতা-কর্মীরা পুলিশের গাড়ি লক্ষ্য করে হাতবোমা ছোড়েন। বোমার আঘাতে মাহাবুব নামের একজন পুলিশ কনস্টেবল আহত হন। আত্মরক্ষার্থে পুলিশ পাল্টা গুলি ছুড়লে শিবিরের তিনজন সদস্য গুলিবিদ্ধ হন। তাঁদের আটক করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা শাহাবুদ্দিনকে মৃত ঘোষণা করেন।
রাজশাহী মহানগর ছাত্রশিবিরের প্রচার সম্পাদক আসাদুজ্জামান স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে দাবি করা হয়, বৃহস্পতিবার রাত নয়টার দিকে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখার তথ্য সম্পাদক শাহাবুদ্দিন, হবিবুর রহমান হল শাখার সভাপতি হাবিবুর রহমান ও বিনোদপুর আবাসিক সভাপতি মফিজুর রহমান বন্ধুর বাড়ি থেকে দাওয়াত খেয়ে মোটরসাইকেলে করে ফিরছিলেন। কাটাখালী পৌরসভার সামনে পুলিশ তাঁদের গতিরোধ করে গ্রেপ্তার করে। পরে পুলিশ শাহাবুদ্দিনকে অমানুষিক নির্যাতনের পর গুলি করে হত্যা করে ও অপর দুজনকেও গুলিবিদ্ধ করে আহত করে। এই হত্যার তীব্র নিন্দা জানিয়ে অবিলম্বে ‘হত্যাকারী’ পুলিশ সদস্যদের গ্রেপ্তার করে বিচারের আওতায় নিয়ে আসার দাবি জানানো হয়েছে ওই বিবৃতিতে।