নরসিংদীর বেলাব উপজেলার বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে গতকাল রোববার রাতে তাবলিগ জামাতের লোকদের অবস্থান করতে না দেওয়ায় ইমামকে আটক করে পুলিশ। এর প্রতিবাদে স্থানীয় ব্যক্তিরা বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ গুলি ছোড়ে। এতে অজ্ঞাতনামা (৪০) একজন নিহত এবং অন্তত ২০ জন আহত হন।
পুলিশ ও এলাকাবাসী জানান, এলাকাবাসীর সম্মিলিত সিদ্ধান্তে বারৈচা বাসস্ট্যান্ড জামে মসজিদে তাবলিগ জামাতের লোকদের থাকতে দেওয়া হয় না। তবে গতকাল দুপুরে তাবলিগের ২০-২৫ জন ওই মসজিদে যান। এ সময় মসজিদের ইমাম আলী আকবর এলাকাবাসীর সিদ্ধান্তের বিষয়টি তাঁদের জানান। কিন্তু তাঁরা এলাকাবাসীর সিদ্ধান্ত উপেক্ষা করে সন্ধ্যা সাড়ে সাতটা পর্যন্ত মসজিদে অবস্থান করেন। এ সময় ইমাম পুনরায় মসজিদ ত্যাগ করার কথা বললে তাবলিগের লোকজন পুলিশ সুপার (এসপি) শেখ রফিকুল ইসলামকে বিষয়টি জানান। এ ঘটনায় এসপি পুলিশ পাঠিয়ে আলী আকবরকে আটক করান। এ ঘটনায় এলাকাবাসী বিক্ষোভ শুরু করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ কাঁদানে গ্যাসের শেল ও রাবার বুলেট নিক্ষেপ করে। এতে কমপক্ষে ২০ জন আহত হন।
নরসিংদী জেলা হাসপাতালের চিকিৎসক সাব্বির আহমেদ বলেন, ‘গুলিবিদ্ধ অবস্থায় দুজনকে হাসপাতালে নিয়ে আসা হয়। এর মধ্যে একজন আগেই মারা যান। নিহতের মাথায় গুলি লেগেছে।’