পুলিশের গুলিতে আহত তরুণের মৃত্যু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যশোরে পুলিশের গুলিতে আহত তরুণ হাফিজুর রহমান গতকাল শনিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। ১২ নভেম্বর হাফিজুরসহ দুই তরুণকে বাড়ি থেকে ধরে নিয়ে পায়ে বন্দুক ঠেকিয়ে গুলি করার অভিযোগ ওঠে যশোরের কোতোয়ালি থানার পুলিশের বিরুদ্ধে।
তবে গতকাল শনিবার পর্যন্ত পুলিশের পক্ষ থেকে এ অভিযোগের কোনো তদন্তই শুরু হয়নি। আরেক আহত তরুণ মিজানুর রহমান বর্তমানে পুলিশি পাহারায় যশোরে হাসপাতালে চিকিৎসাধীন।
ঢাকা মেডিকেলে হাফিজুরের স্বজনেরা সাংবাদিকদের জানান, হাফিজুর পরিবারের সঙ্গে যশোর শহরের বারান্দি মোল্লাপাড়া এলাকায় থাকতেন। ১২ নভেম্বর রাতে বাসায় ঢুকে হাফিজুরকে আটক করেন কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) শোয়েব উদ্দিন। পুলিশ ছিনতাইয়ের অভিযোগ আছে বলে তাঁকে মারধর করে গাড়িতে উঠিয়ে যশোরের নড়াইল কাটারি এলাকায় পুলিশ ফাঁড়িতে নিয়ে যায়। সেখান থেকে তাঁকে নিয়ে গিয়ে যশোর সদরের বাহাদুরপুর গ্রামের বাড়ি থেকে পরিচিত মিজানুরকে আটক করে। এরপর তাঁদের শোয়েব নামে পুলিশের এক সদস্যের কাছে হস্তান্তর করা হয়। ভোরের দিকে শোয়েবসহ কয়েকজন পুলিশ সদস্য তাঁদের যশোরের এক নির্জন স্থানে নিয়ে দুজনের পায়ে গুলি করেন।
স্বজনেরা জানান, সেখানে হাফিজুরের অবস্থার অবনতি হলে ২০ নভেম্বর তাঁকে ঢাকার পঙ্গু হাসপাতালে নেওয়া হয়। হাসপাতালে তাঁর বাঁ পা কেটে ফেলা হয়। কিন্তু অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় ওই দিনই তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে গতকাল বেলা তিনটার দিকে তিনি মারা যান।