রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলের বেগুনবাড়ী এলাকায় পুলিশের গুলিতে আহত ইউসুফ মাতাব্বর (৩৫) নামের এক ব্যক্তি গতকাল মঙ্গলবার মারা গেছেন।
গত সোমবার গভীর রাতে ইউসুফ পুলিশের গুলিতে আহত হন।
ইউসুফ মাতাব্বর গতকাল বিকেলে জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন প্রতিষ্ঠানে (পঙ্গু হাসপাতাল) মারা যান।
এর আগে গত সোমবার রাতেই রাজধানীর নয়াপল্টনে পুলিশের গুলিতে মো. শামীম নামের এক ব্যক্তি নিহত হন। ওই ঘটনায় আবদুল করিম নামের আরও একজন আহত হন। পুলিশের অভিযোগ, ওই দুজন ছিনতাইকারী।
পুলিশের দাবি, ইউসুফ মাতাব্বর ছিনতাইকারী দলের সদস্য। তাঁর পরিবার জানায়, ইউসুফ একজন গাড়িচালক। পরিবারের অভিযোগ, রোববার রাতে পুলিশ তাঁকে আগারগাঁও থেকে ধরে নিয়ে যায়। তাঁকে ছিনতাইকারী সাজিয়ে গুলি করে হত্যা করা হয়।
ইউসুফের স্ত্রী রোকসানা বেগম দাবি করেন, সোমবার দুপুরে তিনি শিল্পাঞ্চল থানাহাজতে স্বামীর সঙ্গে দেখা করেন। ওই দিন রাত সাড়ে ১১টার দিকে শিল্পাঞ্চল থানা পুলিশের একটি দল তাঁদের পশ্চিম আগারগাঁওয়ের বাসায় তল্লাশি চালায়। রাত সাড়ে তিনটার দিকে তাঁরা খবর পান, তাঁর স্বামী পঙ্গু হাসপাতালে গুলিবিদ্ধ অবস্থায় ভর্তি আছেন। হাসপাতালে গেলে স্বামী তাঁকে বলেন, পুলিশ রাতে তাঁকে চোখ বেঁধে বিভিন্ন এলাকায় ঘোরানোর পর পায়ে অস্ত্র ঠেকিয়ে গুলি করে।
ইউসুফের স্ত্রীর অভিযোগ অস্বীকার করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ইউসুফ ছিনতাইকারী দলের সদস্য। ২২ জুন রাতে সাইফুল ইসলাম নামের একজন মুঠোফোন ব্যবসায়ীকে গুলি করে তিনি টাকা লুট করেছেন। ওই ঘটনায় গ্রেপ্তার সুমন নামে একজন আদালতে ইউসুফের নাম জানিয়ে স্বীকারোক্তি দেন। তা ছাড়া ছিনতাইয়ের শিকার ব্যবসায়ী হাসপাতালে ইউসুফকে শনাক্ত করেন।
ওসির দাবি, হাতিরঝিলের সিদ্দিক মিয়ার ঢাল এলাকায় ইউসুফের নেতৃত্বে ছিনতাই করা হচ্ছে—এ খবর পেয়ে সোমবার রাতে পুলিশ সেখানে অভিযান চালায়। এ সময় ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে। পুলিশও পাল্টা গুলি ছুড়লে ইউসুফ গুলিবিদ্ধ হন। তাঁর কাছ থেকে একটি চাপাতি ও ঘটনাস্থল থেকে গুলির দুটি খোসা উদ্ধার করা হয়েছে।