পুলিশের গুলিতে দুই ছিনতাইকারী আহত
রাজধানীর ধানমন্ডিতে ছিনতাই করে পালানোর সময় গতকাল সোমবার পুলিশের গুলিতে দুজন আহত হয়েছে। সাইদুর রহমান ও শহীদ মিয়া নামের ওই দুজনকে গুলিবিদ্ধ অবস্থায় গ্রেপ্তার করেছে পুলিশ।
ধানমন্ডি থানার পুলিশ জানায়, ছিনতাইকারীদের গাড়ি আটকাতে গিয়ে কনস্টেবল তপন সরকার ও শাহ আলম আহত হয়েছেন। তাঁদের স্কয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। ছিনতাইকারীদের একটি গাড়ি, ছোরা, চাপাতি, ৫৬ হাজার ৫৬০ টাকা, নয়টি মুঠোফোন সেট ও ছিনতাই হওয়া ভ্যানিটি ব্যাগ উদ্ধার করে পুলিশ।
ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক জানান, সকাল সোয়া ছয়টার দিকে কলাবাগান মাঠের পাশের রাস্তায় রিকশারোহী এক দম্পতির ব্যাগ টান দিয়ে নিয়ে গাড়ি নিয়ে পালাতে থাকে ছিনতাইকারীরা। ওই নারীর চিৎকার শুনে ঘটনাস্থলের কাছে থাকা পুলিশের টহল দল ওই গাড়িকে ধাওয়া করে। শঙ্কর বাসস্ট্যান্ডের দিকে গাড়িটি দ্রুতবেগে চলতে থাকে। পুলিশ বেতারে বার্তা পাঠালে শঙ্কর এলাকায় দায়িত্বরত পুলিশ সদস্যরা রাস্তায় সিএনজিচালিত অটোরিকশা দিয়ে প্রতিবন্ধকতা তৈরি করেন। ছিনতাইকারীরা গাড়ি দিয়ে অটোরিকশাটিকে ধাক্কা দিয়ে গাড়ি রেখে পালানোর চেষ্টা করে। এ সময় ওই দুই কনস্টেবল আহত হন। তখন সেখানে থাকা উপপরিদর্শক (এসআই) আবদুল্লাহ-হিল-মারুফ গুলি ছুড়লে দুই ছিনতাইকারী আহত হন। বাকিরা পালিয়ে যায়। আহত দুজনকে প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ও পরে পঙ্গু হাসপাতালে ভর্তি করা হয়।
ওসি জানান, ছিনতাইকারীদের গাড়িতে একটি ভুয়া নম্বর প্লেট লাগানো ছিল। আর আসল নম্বর প্লেটটি গাড়িতে লুকানো ছিল। এ ঘটনায় ধানমন্ডি থানায় মামলা হয়েছে।