পুলিশের গুলিতে রিকশাচালক আহত
পুরানা পল্টন মোড়ে গতকাল মঙ্গলবার বিকেলে পুলিশের গুলিতে হানিফ (৩৫) নামের এক রিকশাচালক আহত হয়েছেন। তিনি রাজারবাগ পুলিশ লাইনস্ হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন। পুলিশের দাবি, অসাবধানতাবশত ঘটনাটি ঘটেছে। ঘটনাটি তদন্তে তিন সদস্যের একটি কমিটি গঠন করেছে পুলিশ।
ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) মতিঝিল জোনের সহকারী কমিশনার ইহসানুল ফিরদাউস বলেন, বিকেল সাড়ে তিনটার দিকে পুরানা পল্টন মোড়ে দাঁড়িয়ে ছিলেন রিকশাচালক হানিফ। পাশের ফুটপাতে দায়িত্ব পালন করছিলেন পল্টন থানা-পুলিশের কয়েকজন সদস্য। এ সময় অসাবধানতাবশত কনস্টেবল তারক কুমার ঘোষের শটগান থেকে একটি কার্তুজ বের হয়ে যায়। কার্তুজের ভেতরের রাবারের বল হানিফের গায়ে লাগলে তিনি আহত হন। পরে পুলিশ তাঁকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যায়। আঘাত গুরুতর নয়। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসার পরই হানিফ সুস্থ হয়েছেন। তারপরও কোনো ঝুঁকি নেওয়া হয়নি। সেখান থেকে তাঁকে আবার রাজারবাগ পুলিশ লাইনস্ হাসপাতালে নিয়ে চিকিৎসা দেওয়া হচ্ছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আহত রিকশাচালক হানিফ সাংবাদিকদের বলেন, তিনি যাত্রীর জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ তাঁর গায়ে গুলি লাগে। এরপর তিনি মাটিতে পড়ে যান। হানিফের হাতে, পিঠে ও কোমরে গুলির জখম দেখা গেছে। হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক জানিয়েছেন, হানিফ শঙ্কামুক্ত। তাঁর শরীরে চারটি গুলির চিহ্ন রয়েছে।
পল্টন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, ঘটনাটি তদন্তে ডিএমপির মতিঝিল বিভাগের উপকমিশনারের নির্দেশে অতিরিক্ত উপকমিশনার তারেক বিন রশিদকে প্রধান করে তিন সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এক কার্য দিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে।
নাম না প্রকাশের শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, কনস্টেবল তারক কুমার গতকালই প্রথম কাজে যোগ দিয়েছেন। অদক্ষতা ও পর্যাপ্ত প্রশিক্ষণের অভাবেই এই দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আহত রিকশাচালক হানিফ যাত্রাবাড়ীর মীরহাজীরবাগে থাকেন। তাঁর গ্রামের বাড়ি কুমিল্লার মুরাদনগর।
এর আগে গত ১১ এপ্রিল মিরপুরের রূপনগর থানা এলাকায় দায়িত্ব পালনের সময় পুলিশের কনস্টেবল তরিকুলের শটগানের গুলিতে আরেক কনস্টেবল হাবিবুর রহমান (২২) আহত হয়েছিলেন।