পুলিশের গুলিতে শিক্ষা বোর্ডের সচিব আহত
ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের সচিব শাহেদুল খবীর চৌধুরী পুলিশের গুলিতে আহত হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে গুলশানের হোটেল ওয়েস্টিনের সামনে পুলিশের শটগানের গুলিতে তিনি আহত হন। তাঁকে গুলশানের বেসরকারি ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হয়েছে। শাহেদুল খবীর বিসিএস সাধারণ শিক্ষা সমিতির মহাসচিব।
পুলিশের গুলশান বিভাগের উপকমিশনার এস এম মোস্তাক আহমেদ খান প্রথম আলোকে বলেন, এ ঘটনায় কর্তব্যে অবহেলার অভিযোগে পুলিশের কনস্টেবল ইমরান হোসেন ও আশরাফুল ইসলামকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তাঁদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। তবে এ ঘটনায় কোনো মামলা হয়নি।
গুলশান বিভাগের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুবকর সিদ্দিক গতকাল প্রথম আলোকে বলেন, তিন মাস ট্রেনিং শেষ করে বাহিনীতে নতুন আসা কয়েকজন সদস্য গতকাল ডিউটিতে অংশ নেন। অস্ত্র নাড়াচাড়ার সময় তাঁদের একজনের হাতের শটগান থেকে একটি গুলি বেরিয়ে যায়। গুলিটি শাহেদুল খবীরের ডান হাতের কবজি, বুকে, পেটে ও ঊরুতে লাগে। পরে তাঁকে ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। গতকাল শুক্রবার ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া আহত শাহেদুলকে দেখতে হাসপাতালে যান এবং দুই পুলিশের বিরুদ্ধে সাময়িক ব্যবস্থা নেওয়ার কথা তাঁকে জানান।
শাহেদুল খবীর টেলিফোনে প্রথম আলোকে বলেন, গত বৃহস্পতিবার রাতে তিনি ও তাঁর কয়েক বন্ধু গুলশান ২ নম্বরের হোটেল ওয়েস্টিনে একত্র হন। সেখান থেকে কথা শেষে তাঁরা হোটেল ওয়েস্টিনের নিচে নেমে আসেন। রাত সাড়ে ১০টার দিকে বাসায় ফিরতে তিনি হোটেলের কাছে সিএনজিচালিত অটোরিকশার জন্য অপেক্ষা করছিলেন। হঠাৎ গুলির শব্দ পান এবং দেখেন একটি গুলি তাঁর হাতে লেগেছে। হাত থেকে রক্ত ঝরছে। এরপর দেখেন শরীরে গুলি লেগেছে এবং রক্ত ঝরছে। তখন ঘটনাস্থলের পাশে পুলিশ দাঁড়িয়ে ছিল।
শাহেদুল বলেন, তাঁর শরীরে অন্তত ৩৭-৩৮টি গুলির স্প্লিন্টার লেগেছে। তাঁর শরীরে অসহনীয় ব্যথা।
শাহেদুল খবীরের ঘনিষ্ঠ এক ব্যক্তি বলেন, তিনি পুলিশের কাছে জানতে চান গুলি এসেছে কোথা থেকে। প্রথমে কর্তব্যরত পুলিশ ইতস্তত করলেও পরে তাঁরা বলেন, শটগানের ট্রিগারে অসাবধানতাবশত চাপ পড়ে গুলি বেরিয়ে গেছে। ওই ব্যক্তি বলেন, ঘটনাস্থলের পাশে থাকা আরও কয়েকজন আহত হয়েছেন। অবশ্য পুলিশ বলেছে, এ ঘটনায় শাহেদুল ছাড়া অন্য কেউ আহত হননি।