পুলিশের গুলিতে 'ছিনতাইকারী' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর টিকাটুলীতে গতকাল রোববার বিকেলে পুলিশের গুলিতে আহত আকাশ ওরফে ফেরদৌস (৩০) নামের এক সন্দেহভাজন ছিনতাইকারী হাসপাতালে মারা গেছেন। এর আগে সকালে কদমতলী থানাধীন শ্যামপুর এলাকায় এক ব্যবসায়ীকে গুলি করে ৪ লাখ ৮৭ হাজার টাকা নিয়ে যায় ছিনতাইকারীরা। ওয়ারী ও কদমতলী থানার পুলিশ কর্মকর্তারা এসব তথ্য জানিয়েছেন।
কদমতলীতে ছিনতাইকারীদের গুলিতে আহত ক্রোকারিজ ব্যবসায়ী মো. সুমনকে (৩০) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। চিকিৎসকেরা তাঁর পায়ে অস্ত্রোপচার করেছেন।
হাসপাতালে অস্ত্রোপচার কক্ষে যাওয়ার আগে সুমন সাংবাদিকদের বলেন, জুরাইনের রহমান প্লাজায় ক্রোকারিজের দোকান আছে তাঁর; বাসা আলমবাগ। গতকাল সকালে শ্যামপুরে একটি ব্যাংক থেকে ঋণের টাকা আনতে যান তিনি। এ সময় তাঁর সঙ্গে ছিলেন পাশের দোকানদার আবুল কালাম আজাদ। বেলা সাড়ে ১১টার দিকে টাকা নিয়ে রিকশায় কয়েক গজ এগোনোর পরই একটি মোটরসাইকেলে তিনজন যুবক এসে তাঁদের পথ রোধ করে। তখন চারপাশে হাজারো মানুষ। এর মাঝেই মোটরসাইকেল আরোহীরা টাকার ব্যাগটি নিয়ে টানাটানি শুরু করে। তিনি টাকার ব্যাগটি আঁকড়ে ধরার চেষ্টা করলে ছিনতাইকারীরা তাঁকে কিলঘুষিও দেয়। একপর্যায়ে একজন আগ্নেয়াস্ত্র বের করে তাঁর বাঁ পায়ের ঊরুতে দুটি গুলি করে টাকার ব্যাগ নিয়ে মোটরসাইকেলে করে চলে যায়। পরে আজাদসহ অন্যরা তাঁকে হাসপাতালে নিয়ে আসেন।
কদমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী ওয়াজেদ আলী প্রথম আলোকে বলেন, ছিনতাইকারীরা ৪ লাখ ৮৭ হাজার টাকাভর্তি ব্যাগ নিয়ে গেছে বলে ব্যবসায়ী সুমন জানিয়েছেন। পুলিশ ছিনতাইকারীদের ধরতে চেষ্টা করছে।
এদিকে বেলা সাড়ে তিনটার দিকে টিকাটুলীর অভিসার সিনেমা হলের পাশের গলিতে ছিনতাইকারীদের খপ্পরে পড়েন বাংলাদেশ ব্যাংকের কর্মকর্তা শরীফ মো. হাফিজুর রহমান।
ওয়ারী থানার ওসি তপন চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, অভিসার সিনেমা হলের পাশের গলি দিয়ে যাওয়ার সময় তিনজন ছিনতাইকারী পিস্তল ঠেকিয়ে হাফিজুর রহমানের কাছে থাকা ৭৮ হাজার টাকা ছিনিয়ে নেয়। তারা পালানোর সময় হাফিজুর ‘ছিনতাইকারী, ছিনতাইকারী’ বলে চিৎকার শুরু করেন। এ সময় টহল পুলিশ ও আশপাশের মানুষ ছিনতাইকারীদের ধাওয়া করে। ছিনতাইকারীরা পুলিশকে লক্ষ্য করে দুটি ককটেল ছোড়ে। এ সময় পুলিশ শটগান দিয়ে গুলি করলে একজন গুলিবিদ্ধ হয়ে পড়ে যান। পরে তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হলে তিনি মারা যান। তাঁর নাম আকাশ ওরফে ফেরদৌস। তাঁর কাছ থেকে ২৮ হাজার টাকা ও দুটি ককটেল উদ্ধার করা হয়েছে। বাকি টাকা নিয়ে তাঁর সহযোগীরা পালিয়েছেন।
ঘটনাস্থলে থাকা এক ব্যবসায়ী প্রথম আলোকে বলেছেন, চিৎকার শুনে লোকজন ধাওয়া দিয়ে আকাশকে ধরে পুলিশে সোপর্দ করেন। তখনো তাঁর পায়ে কোনো গুলি লাগেনি। ওই ব্যবসায়ীর ধারণা, আটকের পরে পুলিশ তাঁর পায়ে গুলি করে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল সূত্র জানায়, বিকেল সাড়ে চারটার দিকে আকাশকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন ওয়ারী থানার উপপরিদর্শক (এসআই) শরীফুল ইসলাম। বিকেল সোয়া পাঁচটার দিকে চিকিৎসাধীন অবস্থায় আকাশ মারা যান। তাঁর দুই পায়ের হাঁটুতে ছররা গুলি বিদ্ধ হয়েছিল। চিকিৎসকেরা জানিয়েছেন, অতিরিক্ত রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে।
এসআই শরীফুলের দাবি, নিহত আকাশ পেশাদার ছিনতাইকারী। তাঁদের পুলিশ ধাওয়া দিলে তাঁরা পুলিশের ওপর দুটি ককটেল নিক্ষেপ করেন। এতে কনস্টেবল দেলোয়ার হোসেন ও আনসার সদস্য তাহাজ্জুল আহত হন। তাঁরা পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন।
সন্ধ্যা ছয়টার দিকে আকাশের লাশ শনাক্ত করেন তাঁর মা আলেয়া বেগম। তিনি জানান, দক্ষিণ কেরানীগঞ্জের শহীদ নগরের বাসায় স্ত্রী আমেনাকে নিয়ে থাকতেন আকাশ। তিনি মুঠোফোনের ব্যবসা করতেন বলে তাঁর মা জানতেন। হাসপাতালের লাশঘরের পাশে স্তব্ধ হয়ে দীর্ঘ সময় বসেছিলেন আলেয়া বেগম। এ সময় আলেয়ার পাশে এক তরুণীকে কান্নাকাটি করতে দেখা যায়।