পুলিশের গুলিতে 'ছিনতাইকারী' নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন এক ছিনতাইকারী নিহত ও একজন আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার ভোরে এ ঘটনা ঘটে। নিহত মো. সাগরের (২৪) মরদেহ ঢাকা মেডিকেল কলেজ মর্গে রাখা হয়েছে। আহত হজরত আলী (২৫) ও তাঁদের সহযোগী আবুল বাশার (২৮) শাহবাগ থানায় আটক আছেন।
পুলিশ জানিয়েছে, ছিনতাইয়ের খবর পেয়ে সন্দেহ হওয়ায় একটি ব্যক্তিগত গাড়িকে পল্টন এলাকায় থামার সিগনাল দেয় পুলিশ। কিন্তু গাড়িটি না থেমে চলতে শুরু করে। পরে পুলিশের একটি গাড়ি ওই গাড়িকে ধাওয়া করে। সন্দেহভাজন গাড়িটি মৎস্য ভবন, শাহবাগ মোড়, কলাবাগান ঘুরে ধানমন্ডির ৩ নম্বর সড়কে এলে পুলিশের গাড়িটি ওই গাড়ির সামনে গিয়ে পথ আটকায়। এ সময় গাড়িতে থাকা তিনজন পালানোর চেষ্টা করলে পুলিশ গুলি ছোড়ে। এতে সাগর ও হজরত আলী আহত হন। গাড়ির চালক বাশারকে অক্ষত অবস্থায় আটক করা হয়। আহত দুজনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক সাগরকে মৃত ঘোষণা করেন। সাগরের বাড়ি ফরিদপুরের বোয়ালখালীতে।
ঢাকা মহানগর পুলিশের রমনা বিভাগের উপকমিশনার (ডিসি) মারুফ হোসেন সরদার ঘটনা নিশ্চিত করে বলেন, এই তিনজন ছিনতাইকারী দলের সক্রিয় সদস্য। বাশারের বিরুদ্ধে শাহবাগ থানায় আরও দুটি ছিনতাইয়ের মামলা আছে। গাড়িটি আটক করা হয়েছে উল্লেখ করে ডিসি বলেন, গাড়ি থেকে নারীদের ব্যবহার করা একটি ব্যাগ ও মুঠোফোন উদ্ধার করা হয়েছে। ব্যাগটি ইডেন কলেজের এক ছাত্রীর কাছ থেকে ছিনতাই করা হয়েছিল। ছিনতাইয়ে ব্যবহার করা গাড়ির মালিক সোহরাব একই চক্রের সদস্য।