পুলিশের গুলিতে 'মাদক ব্যবসায়ী' গুলিবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জয়পুরহাটের ক্ষেতলালে গত মঙ্গলবার রাতে পুলিশের গুলিতে আবদুল হান্নান নামের এক ব্যক্তি গুলিবিদ্ধ হয়েছেন।
পুলিশ বলছে, হান্নান মাদক ব্যবসায়ী। এ ঘটনায় পুলিশ দুটি মামলা করেছে।
ক্ষেতলাল থানা-পুলিশের বিবরণ অনুযায়ী, উপজেলার ইকরগাড়া গ্রামের মাদক ব্যবসায়ী আবদুল হান্নানকে (৩২) মঙ্গলবার রাত ১২টার দিকে পুলিশ বটতলী-ক্ষেতলাল রাস্তার সেতুর কাছ থেকে পাঁচ বোতল ফেনসিডিলসহ আটক করে। এরপর হান্নানের দেওয়া তথ্য অনুযায়ী পুলিশ তাঁকে নিয়ে মাদক উদ্ধারে যায়। রাত ১টা ৪০ মিনিটে বটতলী-ইকরগাড়া রাস্তায় তাঁর বাড়ির কাছে পৌঁছালে তাঁর সহযোগীরা পুলিশের ওপর হামলা করেন। হান্নান এ সময় পালানোর চেষ্টা করলে পুলিশ শটগানের তিনটি গুলি ছোড়ে। এতে হান্নানের বাঁ পায়ে হাঁটুর নিচে গুলি লাগে। অন্যরা পালিয়ে গেলে পুলিশ সেখান থেকে একটি বড় হাঁসুয়া উদ্ধার করে। এ ঘটনায় পুলিশের কনস্টেবল আবদুস সাত্তার ও মইনুল আহত হন। ওই রাতেই পুলিশ হান্নানকে জয়পুরহাট জেলা আধুনিক হাসপাতালে ভর্তি করে।
হান্নানের স্ত্রী রেহেনা বেগম বলেন, তাঁর স্বামী এখন মাদক ব্যবসা করেন না। তাঁর বিরুদ্ধে ক্ষেতলাল থানায় যেসব মামলা আছে, সেগুলোতে তিনি জামিনে আছেন।
থানার ওসি মুনিরুল ইসলাম বলেন, হান্নানের বিরুদ্ধে ক্ষেতলাল থানায় আগের চারটি মামলা আছে।