পুলিশের চাঁদাবাজির টাকা ফেরত, মাদক রেখে ব্যবসায়ীকে গ্রেপ্তার
বরিশালের গৌরনদী উপজেলার টরকী বন্দরের মদিনা মার্কেটের মালিককে ভয়ভীতি দেখিয়ে ১ লাখ ৪০ হাজার টাকা হাতিয়ে নিয়েছিলেন গৌরনদী মডেল থানার এএসআই মো. দেলোয়ার হোসেন। অভিযোগ পাওয়ার পর গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপারের (এএসপি) নির্দেশে ওই টাকা ফেরত দেন এএসআই মো. দেলোয়ার।
এতে ক্ষিপ্ত হয়ে পরে ওই ব্যবসায়ীর বাড়িতে ৮০টি ইয়াবা বড়ি রেখে মাদকের মামলায় তাঁকে গ্রেপ্তার দেখিয়ে বরিশাল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করেন। ব্যবসায়ী বর্তমানে জেলহাজতে।
গতকাল শনিবার স্থানীয় সংবাদকর্মীদের কাছে এসব তথ্য প্রকাশ করে প্রকৃত সত্য উদ্ঘাটনের জন্য সাংবাদিকদের প্রতি আহ্বান জানান বরিশালের গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল করিম।
মাদক মামলায় গ্রেপ্তার হওয়া রাসেল প্যাদার বন্ধু রাশেদ হাওলাদার বলেন, তাঁর ভাষায়, ‘গত ৭ মে সন্ধ্যায় আমি ও আমার বন্ধু রাসেল প্যাদা টরকী বাসস্ট্যান্ডে প্রদীপ মেকারের মোটরসাইকেল গ্যারেজে বসে চা পান করছিলাম। এমন সময় সাদা পোশাকে গৌরনদী মডেল থানার এএসআই দেলোয়ার হোসেন ঘটনাস্থলে উপস্থিত হয়ে রাসেলকে বলেন, “তোমার নামে থানায় অভিযোগ আছে।” কী অভিযোগ আছে, জানতে চাইলে তিনি বলেন, “তুমি সর্বহারা সন্ত্রাসীদের নেতৃত্ব দিয়ে সংঘটিত করছ।” একপর্যায়ে রাসেলকে হাতকড়া পরিয়ে রওনা হন এএসআই দেলোয়ার। এ সময় রাসেল তাঁকে বলেন, “স্যার মুক্তি পাওয়ার কী উপায় আছে?” তখন ৫ লাখ টাকা দাবি করেন এএসআই দেলোয়ার। শেষে ১ লাখ ৪০ হাজার টাকায় দফারফা করে রাসেল মুক্তি পান। ওই দিন (৭ মে) রাতে রাসেল এ ঘটনাটি তাঁর নিকটাত্মীয়ের মাধ্যমে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিমকে অবহিত করান।’
এসব অভিযোগের সত্যতা স্বীকার করে গৌরনদী সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার (এএসপি) মো. রেজাউল করিম বলেন, ‘আমি প্রশিক্ষণে ঢাকায় ছিলাম। ১০ মে মুঠোফোনে এসব অভিযোগ পাওয়ার পরে খোঁজখবর নিয়ে অভিযোগের সত্যতা পাই। পরে বিষয়টি গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবিরকে জানাই। তাকে আমি বলি, পুলিশ চাঁদাবাজিতে জড়িত। পুলিশ ভয়ভীতি দেখিয়ে টরকী বন্দরের দুই ইজারাদারেরকাছ থেকে ১ লাখ ৪০ হাজার টাকা আদায় করেছে। ওসিকে বিষয়টি জানানোর পরে তিনি এএসআই দেলোয়ারের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন।’ মো. রেজাউল করিম আরও বলেন, ‘তিন-চার দিন পরে জানতে পারি, এএসআই তিন দফায় (৫০+৫০+৪০ হাজার) টাকা ফেরত দিয়েছেন।’
এএসআই মো. দেলোয়ারের কাছ থেকে টাকা ফেরত নেওয়ার কথা স্বীকার করে রাশেদ হাওলাদার বলেন, ‘আমি দারোগার কাছ থেকে টাকা ফেরত পেয়েছি। ওই টাকা রাসেলকে ফিরিয়ে দেওয়ার সময় তাঁর চাচা ফিরোজ হাওলাদার এবং গৌরনদী পৌরসভার কাউন্সিলর কাজী তৌফিক ইকবাল উপস্থিত ছিলেন।’ ফিরোজ হাওলাদার টাকা ফেরত পাওয়ার কথা স্বীকার করেন। কাউন্সিলর তৌফিক ইকবাল বলেন, ‘১ লাখ ৪০ হাজার ফেরত দেওয়ার অনুষ্ঠানে কাউন্সিলর হিসেবে আমাকে থাকতে বলা হয়েছিল। কিন্তু আমি ছিলাম না।’
গতকাল শনিবার রাসেল প্যাদার বাড়িতে গেলে তাঁর বৃদ্ধা মা সাফিয়া বেগম (৬৫) ছেলেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ছেলেকে কোনো দিন খারাপ কাজে দেহি নাই, নির্দোষরে দোষী বানালে তা দেখার একজন আছেন। আল্লাহ আছে, আমার আল্লাহ বিচার করবে।’ রাসেলের ভাইয়ের স্ত্রী রিমা আক্তার (৩০) বলেন, ‘পুলিশ ঘরে কিছুই পায় নাই। ঘর থেকে বের হয়েই বলে, এই যে পাওয়া গেছে।’ গৃহপরিচারিকা রেখা বেগম (২৯) একই কথা জানান।
রাসেলের মামা গৌরনদী উপজেলা আওয়ামী লীগের জ্যেষ্ঠ নেতা মো. আবুল মোল্লা (৬০) তাঁর ভাগনেকে নির্দোষ দাবি করে বলেন, ‘ওরা দুই ভাই। এক ভাই বিদেশে। ও (রাসেল) দেশে বসে সম্পত্তি, মার্কেট ও ব্যবসা দেখাশোনা করে। ও কেন মাদক ব্যবসা করতে যাবে?’
রাসেল সম্পর্কে টরকী বন্দর ব্যবসায়ী সমিতির সভাপতি, বরিশাল জেলা পরিষদ সদস্য ও আওয়ামী লীগের নেতা রাজু আহম্মেদ বলেন, ‘রাসেল মাদক ব্যবসা করে কি না কোনো দিন দেহি নাই, শুনি নাই। কী করে, আল্লাহই ভালো জানেন।’
এএসআই মো. দেলোয়ার হোসেন অভিযোগ অস্বীকার করে বলেন, ‘ভয় দেখিয়ে টাকা গ্রহণ ও ফেরত দেওয়ার কোনো ঘটনা আমার জানা নেই। অভিযোগ সম্পূর্ণ মিথ্যা।’
এ প্রসঙ্গে গৌরনদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ফিরোজ কবির বলেন, ‘রাসেল প্যাদা একজন মাদক ব্যবসায়ী। সুস্পষ্ট প্রমাণ ছাড়া কাউকে গ্রেপ্তার করা হয়নি।’
ওসি ফিরোজ কবিরের বক্তব্য প্রসঙ্গে অতিরিক্ত পুলিশ সুপার মো. রেজাউল করিম বলেন, তাঁর ভাষায়, “মূল ঘটনা হচ্ছে, চাঁদাবাজির টাকা ফেরত দেওয়ায় ক্ষিপ্ত হয়ে রাসেলকে মাদকের মামলায় জড়ানো হয়েছে। রাসেল প্যাদার বিরুদ্ধে গৌরনদী থানায় কোনো মামলা, জিডি, লিখিত অভিযোগ নেই। এমনকি কোনো মৌখিক অভিযোগও নেই।’