পুলিশের ছেলে নিজেই...

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চুয়াডাঙ্গার আলমডাঙ্গায় আগ্নেয়াস্ত্র ও কার্তুজসহ এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার দিবাগত রাতে আলমডাঙ্গা শহরের রেলস্টেশন এলাকা থেকে ইমরান হোসেন (২৫) নামের ওই যুবককে গ্রেপ্তার করা হয়।

পুলিশ বলছে, ইমরান বৃহত্তর কুষ্টিয়া অঞ্চলের শীর্ষ সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে ছিনতাই, চুরি, ডাকাতি, যৌন হয়রানিসহ বিভিন্ন অভিযোগে কুষ্টিয়ার বিভিন্ন থানায় অন্তত ২০টি মামলা রয়েছে।

ইমরান আলমডাঙ্গা উপজেলার হারদী ইউনিয়নের বৈদ্যনাথপুরের বাসিন্দা পুলিশ সদস্য আব্দুর রহমানের ছেলে। আব্দুর রহমান বর্তমানে অবসর প্রস্তুতিকালীন ছুটিতে (এলপিআর) আছেন। গত ৭-৮ বছর ধরে আব্দুর রহমানের পরিবার আলমডাঙ্গা পৌর এলাকার মসজিদ পাড়ায় বসবাস করছে।

পুলিশের ভাষ্য, ইমরান গতকাল দিবাগত রাতে শহরের রেলস্টেশন এলাকায় সন্ত্রাসী কর্মকাণ্ডের প্রস্তুতি নিচ্ছিলেন। গোপন তথ্যের ভিত্তিতে তাঁকে গ্রেপ্তার করে আলমডাঙ্গা থানা-পুলিশ। এ সময় তাঁর কাছ থেকে একটি ওয়ান শ্যুটার গান ও বন্দুকের একটি কার্তুজ উদ্ধার করা হয়।

পুলিশ বলছে, গত বছরের ১৮ জানুয়ারি ডিবির সদস্য পরিচয়ে দামুড়হুদা এলাকায় ছিনতাই করেন ইমরান ও তাঁর সহযোগীরা। এ ঘটনায় দামুড়হুদা মডেল থানা-পুলিশ ইমরান ও তাঁর সহযোগী তমালকে একই বছরের ৩০ জানুয়ারি গ্রেপ্তার করে। জামিনে মুক্তি পেয়ে ফের অপরাধে জড়িত হন ইমরান।

আলমডাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ ফকরুল আলম খান প্রথম আলোকে বলেন, ইমরান এলাকার চিহ্নিত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে আলমডাঙ্গা থানায় অন্তত ১২টি মামলা আছে। অস্ত্র নিয়ন্ত্রণ আইনে দুটি ও দ্রুত বিচার আইনের একটি মামলায় তাঁর বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে।