পুলিশের ঠেলাঠেলি, গাছে ঝুলল লাশ
রেললাইনের পাশে গাছে ঝুলছে লাশ। থানা পুলিশ না রেল পুলিশ—কে উদ্ধার করবে, তা নিয়ে চলে ঠেলাঠেলি। পরে দুপুরে রেল পুলিশই লাশটি উদ্ধার করে। গতকাল রোববার রাজধানীর মহাখালী এলাকার রেললাইন-সংলগ্ন গাছ থেকে আনুমানিক ৩৫ বছরের যুবকের লাশ উদ্ধার করা হয়। তবে গতকাল রাত পর্যন্ত তাঁর পরিচয় মেলেনি।
স্থানীয় এক ব্যবসায়ী বলেন, মহাখালী এলাকায় রেললাইনের পাশে একটি গাছের ওপরে ১৫ থেকে ২০ ফুট উঁচুতে লাশটি ঝুলতে দেখে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। প্রথমে বিষয়টি কর্তব্যরত ট্রাফিক পুলিশকে জানানো হয়। এরপর বনানী থানা পুলিশকে জানানো হয়। বনানী থানা পুলিশ রেল পুলিশকে জানায়। খবর দেওয়ার পরে একদল পুলিশ এসে ঘটনাস্থল ঘুরে যায়। পরে দুপুরের দিকে আরেক দল পুলিশ এসে লাশ উদ্ধার করে।
যোগাযোগ করা হলে দুপুরে রেল পুলিশ থেকে বলা হয়, সাধারণত ট্রেনে কাটা লাশ রেল পুলিশই উদ্ধার করে। গাছে ঝুলন্ত লাশ থানা পুলিশ উদ্ধার করবে।
বনানী থানায় যোগাযোগ করা হলে উপপরিদর্শক (এসআই) আলমগীর জলিল বলেন, রেল পুলিশকে খবর দেওয়া হয়েছে। তারা এলে তাদের সঙ্গে কথা বলে লাশ নামানো হবে।
রাতে রেল পুলিশের কমলাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইয়াসিন ফারুক বলেন, রেল পুলিশের বিমানবন্দর ফাঁড়ির সদস্যরা দুপুরে লাশ উদ্ধার করে মর্গে পাঠিয়েছেন।
লাশ উদ্ধারকারী রেল পুলিশের এসআই আকবর আলী বলেন, নিহত ব্যক্তির আনুমানিক বয়স ৩৫ বছর। তাঁর শরীরে কোনো দাগ পাওয়া যায়নি। তিনি আত্মহত্যা করতে পারেন বলে ধারণা করা হচ্ছে। নিহত ব্যক্তির পরনে ছিল প্যান্ট ও সোয়েটার। রাত পর্যন্ত তাঁর কোনো পরিচয় মেলেনি।