পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী টেম্পু দুই সহযোগীসহ গ্রেপ্তার
চট্টগ্রামে পুলিশের তালিকাভুক্ত সন্ত্রাসী ইসমাইল হোসেন ওরফে টেম্পুকে দুই সহযোগীসহ গ্রেপ্তার করা হয়েছে। তাঁর বিরুদ্ধে হত্যা, চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে ২৪টি মামলা রয়েছে। গত বৃহস্পতিবার রাতে নগরের শেরশাহ হাউজিং সোসাইটি এলাকার একটি পাহাড় থেকে তাঁদের গ্রেপ্তার করে বায়েজিদ বোস্তামী থানার পুলিশ। এ সময় তাঁদের কাছ থেকে ২০০ ইয়াবা বড়ি উদ্ধার করা হয়।
টেম্পুচালকের সহকারী থাকায় ইসমাইল টেম্পু নামে পরিচিত। পুলিশ জানায়, ইসমাইলের ১৫-১৬ জনের একটি বাহিনী রয়েছে। গত বৃহস্পতিবার রাতে তাঁর দুই সহযোগী মো. শরীফ ও মো. ইশতিয়াককে গ্রেপ্তার করা হয়।
বায়েজিদ বোস্তামী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন প্রথম আলোকে বলেন, ইসমাইল চান্দগাঁও থানার পুলিশের এক নম্বর তালিকাভুক্ত সন্ত্রাসী। তাঁর বিরুদ্ধে চান্দগাঁও, বায়েজিদ বোস্তামী, পাঁচলাইশ ও চকবাজার থানায় হত্যা, অস্ত্র, চাঁদাবাজি আইনে ২৪টি মামলা রয়েছে। গত বছরের ডিসেম্বরে তিনি চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার থেকে জামিনে ছাড়া পান। ২০১৪ সালের ১১ এপ্রিল চান্দগাঁও শমসেরপাড়া এলাকায় পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে আহত হয়ে গ্রেপ্তার হন ইসমাইল।
ওসি বলেন, জামিনে ছাড়া পাওয়ার পর ইসমাইল ও তাঁর সহযোগীরা মুঠোফোনে লোকজনের কাছ থেকে চাঁদাও আদায় শুরু করেন। গোপন তথ্যের ভিত্তিতে পুলিশ জানতে পারে, শেরশাহ হাউজিং সোসাইটি এলাকার একটি পাহাড়ে সহযোগীদের নিয়ে ইসমাইল বৈঠক করছেন। পরে সেখানে অভিযান চালিয়ে দুই সহযোগীসহ তাঁকে গ্রেপ্তার করা হয়।
ওসি মহসীন বলেন, ইসমাইলের দুই সহযোগীও ছয় মাস আগে কারাগার থেকে জামিনে ছাড়া পান। গ্রেপ্তার শরীফ পাহাড়তলী থানার একটি ছিনতাইয়ের মামলায় এবং ইশতিয়াক পাঁচলাইশ থানার একটি হত্যা মামলায় ছয় মাস আগে কারাগার থেকে বের হন।