পুলিশের তাড়ায় অতিষ্ঠ হয়ে আত্মহত্যা?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাড়িতে ১০ দিনে ৫ বার পুলিশের হানা। ভয়ে পালিয়ে বেড়াচ্ছিলেন যুবকটি। এরই মধ্যে একদিন লুকিয়ে বাড়ি এলেও খাবার খাওয়ার সময় আবার পুলিশের তাড়ায় পড়েন তিনি। পাশাপাশি স্থানীয় দুই প্রভাবশালী ব্যক্তি তাঁকে অস্ত্র মামলায় ফাঁসিয়ে দেওয়ার ভয় দেখাচ্ছিলেন।
পুলিশের এই তাড়া সইতে না পেরে শেষ পর্যন্ত কীটনাশক পান করে তরিকুল ইসলাম (২০) নামের ওই যুবক আত্মহত্যা করেছেন বলে অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে ঝিনাইদহের মহেশপুর উপজেলার খড়ে মান্দারতলা গ্রামে।
তরিকুলের বাবা-মা নেই। ছোটবেলা থেকেই লালিত-পালিত হচ্ছিলেন চাচা দুদু খন্দকারের বাড়িতে। তিনি অভিযোগ করেন, গ্রামের দুই প্রভাবশালী ব্যক্তির মিথ্যা অভিযোগে তরিকুলকে ধরতে বারবার বাড়িতে অভিযানে আসে পুলিশ। সর্বশেষ ১৭ অক্টোবর দুপুরে বাড়িতে ভাত খেতে বসে পুলিশের তাড়া খেয়ে ওই দিনই তরিকুল আত্মহত্যা করেন। এ ঘটনার বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীসহ প্রশাসনের বিভিন্ন দপ্তরে লিখিত অভিযোগ করেছেন তিনি। আশা করছেন ন্যায়বিচার পাবেন।
পুলিশের তাড়ায় অতিষ্ঠ হয়ে তরিকুল আত্মহত্যা করেছেন, এ অভিযোগ শুনে গতকাল বৃহস্পতিবার তাঁর বাড়িতে গেলে কথা হয় দুদু খন্দকারের সঙ্গে। তিনি জানান, তরিকুলের ছোটবেলায় তাঁর বাবা ও মা মারা গেলে তিনিই বড় করে তুলেছেন তাঁর এই ভাতিজাকে। গত ১২ সেপ্টেম্বর গ্রামের জাকির হোসেনকে তাঁর ভাই কামাল হোসেন ও ভাতিজা মিজানুর রহমান মারপিট করছিলেন। তরিকুল ও কয়েকজন তা ঠেকাতে যান। এতে কামাল ক্ষিপ্ত হয়ে তরিকুলসহ কয়েকজনের বিরুদ্ধে মহেশপুর থানায় অভিযোগ করেন। পরে তরিকুলকে ধরতে পুলিশ বাড়িতে হানা দেয়। তরিকুলও পালিয়ে থাকা শুরু করেন।
দুদু খন্দকার অভিযোগ করেন, এরই মধ্যে কামাল গ্রামের প্রভাবশালী খলিলুর রহমানকে দিয়ে থানায় তরিকুলের নামে আরেকটি অভিযোগ করেন। সর্বশেষ ১৭ অক্টোবর দুপুরে তরিকুল বাড়িতে খাবার খাওয়ার সময় পুলিশ এসে তাড়া করলে খাবার ফেলে পালিয়ে যান তরিকুল। দুই ঘণ্টা পর বাড়ির পাশে মাঠে গিয়ে তিনি কীটনাশক পান করে আত্মহত্যা করেন।
অভিযোগের ব্যাপারে কামাল হোসেনের ছেলে মিজানুর রহমান জানান, তাঁদের সঙ্গে তরিকুলের যে সামান্য গোলমাল হয়েছিল, তা নিয়ে তাঁরা পুলিশের কাছে অভিযোগ করেছিলেন। থানা থেকে একজন এসআই এসে বিষয়টি গ্রামে বসে মিটিয়ে নিতে বলেন। তাঁরা তা মেনে নিয়েছিলেন। অপর অভিযোগকারী খলিলুর রহমান বলেন, তরিকুল তাঁকে লাঞ্ছিত করেছিলেন তাই থানায় অভিযোগ দিয়েছিলেন। তাঁর বিষয়টিও গ্রামে মিটিয়ে নেওয়ার পর্যায়ে ছিল।
বিষয়টি নিয়ে মহেশপুর থানার এসআই খবির উদ্দিন বলেন, তরিকুলের বিরুদ্ধে তিনি অভিযোগ পেয়ে গ্রামে গিয়ে বিষয়টি স্থানীয়ভাবে মিটিয়ে নিতে বলেন। তবে তরিকুলের আত্মহত্যার দিন তাঁদের বাড়ি যাননি। অবশ্য তরিকুলের লাশের ময়নাতদন্ত ও সুরতহাল প্রতিবেদন তৈরি করা একই থানার এসআই মনির হোসেন বলেন, তরিকুলের মৃত্যুর আগে ওই বাড়িতে তিনি যাননি। তবে খবির উদ্দিন বেশ কয়েকবার গেছেন।