পুলিশের তাড়ায় পানিতে ঝাঁপ, পরে লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ময়মনসিংহের ভালুকা উপজেলায় পুলিশের তাড়ার মুখে পানিতে ঝাঁপ দেওয়ার প্রায় ১২ ঘণ্টা পর আতিকুল ইসলাম (৪৫) নামে এক ব্যক্তির লাশ উদ্ধার করা হয়েছে। গত রোববার সন্ধ্যায় পুলিশ মাদক মামলার আসামি ধরতে উপজেলার রাংচাপড়া গ্রামে অভিযান চালালে ওই ব্যক্তি পানিতে ঝাঁপ দেন। গতকাল সোমবার সকালে এলাকাবাসী তাঁর লাশ উদ্ধার করেন।

নিহত আতিকুলের বাড়ি রাংচাপড়া গ্রামে। পুলিশ জানিয়েছে, নিহত ব্যক্তি মাদক মামলার আসামি নন। পুলিশ তাঁকে গ্রেপ্তারও করতে যায়নি। তবে তিনি মাদকসেবী ছিলেন বলে জানা গেছে। ওই গ্রামে মাদক মামলার চিহ্নিত এক আসামিকে ধরতে পুলিশ অভিযান চালালে ভয়ে আতিকুল পানিতে ঝাঁপিয়ে পড়েন।

পুলিশ ও স্থানীয় সূত্র বলেছে, রাংচাপড়া গ্রামের মো. আলীমের বিরুদ্ধে ভালুকা থানায় তিনটি মাদক মামলা রয়েছে। রোববার সন্ধ্যায় তাঁকে ধরতে ওই গ্রামে অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আতিকুলসহ কয়েকজন পালানোর চেষ্টা করেন। পুলিশ তাঁদের ধাওয়া করলে একপর্যায়ে আতিকুলসহ দুজন স্থানীয় মামাইল বিলে ঝাঁপিয়ে পড়েন। ঝাঁপ দেওয়া অপর ব্যক্তি কিছুক্ষণ পর উঠে এলেও আতিকুল উঠতে পারেননি। রাতভর ওই বিলে অনুসন্ধান চালানো হলেও তাঁকে পাওয়া যায়নি। গতকাল সকালে তাঁর লাশ ভেসে ওঠে।

খবর পেয়ে গতকাল দুপুরে ভালুকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন অর রশিদ ঘটনাস্থলে যান। তিনি প্রথম আলোকে বলেন, নিহত ব্যক্তির নামে কোনো মামলা ছিল না। আলীম নামে একজনকে গ্রেপ্তার করতে পুলিশ অভিযান চালায়। ওই সময় আতিকুল ভয়ে বিলের পানিতে ঝাঁপ দেন। রাতভর আতিকুলের নিখোঁজ থাকার বিষয়টি কেউ পুলিশকে জানায়নি। এ ঘটনায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে।