পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে ঘুষ দাবির অভিযোগে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রামের হাটহাজারী থানার পুলিশের তিন কর্মকর্তার বিরুদ্ধে এক লাখ টাকা ঘুষ দাবির অভিযোগে মামলা হয়েছে। গতকাল মঙ্গলবার চট্টগ্রাম জেলা ও দায়রা জজ (ভারপ্রাপ্ত) সিরাজুদ্দৌলা কুতুবীর আদালতে মামলাটি করেন উপজেলার পশ্চিম শিকারপুরের বাসিন্দা সজল আচার্য।

মামলার তিন আসামি হলেন হাটহাজারী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বেলাল উদ্দিন মো. জাহাঙ্গীর, উপপরিদর্শক (এসআই) মো. খায়রুজ্জামান ও আবু বকর ছিদ্দিকী।

দুদকের আইনজীবী কাজী সানোয়ার আহমেদ বলেন, ওসি ৫০ হাজার টাকা ও দুই এসআই ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন বলে বাদীর অভিযোগ। ঘুষ না দিলে বাদীকে অস্ত্র ও মাদক মামলায় ফাঁসানোর হুমকি দেওয়া হয়। পরে বাদী তাঁর স্বজনদের মাধ্যমে ৫০ হাজার টাকা দিয়ে থানা থেকে ছাড়া পান। আদালত আগামী ১৭ অক্টোবর পরবর্তী শুনানির তারিখ নির্ধারণ করেছেন।

মামলার বিবরণে উল্লেখ করা হয়েছে, বাদী সজল আচার্য ও তাঁর প্রতিবেশী মিলন আচার্যের মধ্যে জায়গা নিয়ে দ্বন্দ্ব চলছে। আদালতের নির্দেশ অমান্য করে হাটহাজারী থানার ওসি ও দুই এসআই বাদীকে চাপ দিয়ে তাঁর জায়গার ওপর ঘর নির্মাণে বাধা দেন। ১০ সেপ্টেম্বর বাদীর বসতবাড়িতে এবং ১৬ সেপ্টেম্বর থানায় বসে বাদীর কাছে এক লাখ টাকা ঘুষ দাবি করেন পুলিশের তিন কর্মকর্তা। ঘুষ না দিলে তাঁকে মাদকসহ বিভিন্ন মামলায় ফাঁসানোর হুমকি দেন ওসি। পরে ৫০ হাজার টাকা দিয়ে থানা থেকে ছাড়া পান তিনি। এর মধ্যে ৩০ হাজার টাকা ওসি এবং বাকি ২০ হাজার টাকা দুই এসআই নেন।

তবে এসব অভিযোগ অস্বীকার করে বেলাল উদ্দিন গতকাল বিকেলে প্রথম আলোকে বলেন, দুই বছর ধরে বাদীর জায়গা নিয়ে এক প্রতিবেশীর সঙ্গে দ্বন্দ্ব চলছে। উভয় পক্ষের মধ্যে মামলা-মোকদ্দমাও চলছে। বাদীর কাছ থেকে কোনো টাকা দাবি করা হয়নি। এমনকি তাঁকে কোনো মামলায় ফাঁসানোর হুমকিও দেওয়া হয়নি।